২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে ইউপি সদস্য আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাব কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টার সময় বুধবার রাতে রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুকিদকে (৪০) আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

মৌলভীবাজার, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাব কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টার সময় বুধবার রাতে রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুকিদকে (৪০) আটক করা হয়েছে। মুকিদ পাঁচগাও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য। তার বাড়ি খুসকিপুর গ্রামে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পে সংবাদ ব্রিফিংয়ে সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, মুকিদ রাত ১২টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পে তার দপ্তরে আসেন। তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আর মামলা করবেন না- স্ত্রীর কাছ থেকে এই মুচলেকা আদায় করে দেওয়ার অনুরোধ করে মুকিদ তাকে (র‌্যাব কর্মকর্তাকে) এক লাখ টাকা দেওয়ার চেষ্টা করেন। প্রয়োজনে আরও দুই লাখ টাকা দেওয়ারও প্রস্তাব দেন। তখন মুকিদকে আটক করা হয়। র‌্যাব কর্মকর্তা জানান, মুকিদের দ্বিতীয় পক্ষের স্ত্রী নাসরিন পারভীনের ছেলে শামীম আহমদ গত ২৩ সেপ্টেম্বর র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প বরাবরে একটি অভিযোগ দেন। অভিযোগের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, পাঁচগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির মিয়ার মৃত্যুর পর তার স্ত্রী নাসরিন পারভীনকে ১৯৯৯ সালের ৫ আগস্ট দেড় লাখ টাকা মোহরানায় তিন সন্তানসহ বিয়ে করেন মুকিদ। বিয়ের পর মুকিদ নাসরিনকে নির্যাতন করে আগের স্বামীর রেখে যাওয়া জমিজমা বিক্রি করতে বাধ্য করে টাকা আত্মসাত করতে থাকেন। ১২ সেপ্টেম্বর রাতে শারীরিকভাবে নির্যাতিত হয়ে নাসরিন তালাক দাবি করেন। কিন্তু মুকিদ তালাক দিবেন না বলে জানান। র‌্যাব কর্মকর্তা জসিম জানান, সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করার জন্য র‌্যাবের পক্ষ থেকে পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান আজাদ আলীকে অনুরোধ করা হয। বুধবার এ নিয়ে চেয়ারম্যান বৈঠক আহ্বান করেন। কিন্তু মুকিদ সে বৈঠক উপেক্ষা করে রাতে তার সঙ্গে দেখা করে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার করা ইউপি সদস্যকে ঘুষের এক লাখ টাকাসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হবে। র‌্যাব বাদী হয়ে মামলা করবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৫ ঘ.