বাগেরহাট, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পূর্ব সুন্দরবনে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু নাসির-ফরহাদ বাহিনীর বন্দুকযুদ্ধের পর পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধ হয়।
আটক বনদস্যুদের কাছ থেকে ১৪টি তাজা গুলি এবং ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট লোকমান হাকিম।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনার শানু মোল্লা (৩৭), বাগেরহাটের মোরেলগঞ্জের কামরুল (৩৬), খুলনার বাপ্পী (৩৩), সাতক্ষীরার মালেক (৩৮) এবং বরিশালের হাফিজ (৪০)। এরা সবাই বনদস্যু নাসির-ফরহাদ বাহিনীর সদস্য।
বৃহস্পতিবার বিকালে এই পাঁচ বনদস্যুকে মংলা থানায় সোপর্দ করা হয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তা লেফট্যানেন্ট লোকমান হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় ফরহাদ-নাসির বাহিনীর অবস্থানে অভিযান চালায়।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি বর্ষণ শুরু করে। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়।
বন্দুকযুদ্ধে কোস্টগার্ড ৯৬ রাউন্ড এবং বনদস্যুরা প্রায় দু'শ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৪ ঘ.
bdnews24