ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে ঝুলে থাকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০ হাজারের বেশি মামলার দ্রুত নিষ্পত্তিতে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইন মন্ত্রণালয়।
এ মামলাগুলোর নিষ্পত্তি সরকারের আটকে থাকা প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পথ খুলে দেবে।
ঝুলে থাকা মামলার নিষ্পত্তিতে পদক্ষেপ নিতে বৃহস্পতিবার আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করেন এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।
সচিবালয়ে ওই বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "রাজস্ব বোর্ডের ২০ হাজারের বেশি মামলা দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
"কীভাবে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে এনবিআর, আটর্নি জেনারেল অফিসসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।"
আইনমন্ত্রী জানান, প্রয়োজনে আইন সংশোধন করে অথবা পৃথক কয়েকটি বেঞ্চ গঠন করে মামলা নিষ্পত্তির পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, "এনবিআরের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বা এডিআরের মাধ্যমেও এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা যেতে পারে। সে ক্ষেত্রে বিদ্যমান আইন সংশোধন করে এডিআর পদ্ধতি কার্যকর করতে হবে। এতে উভয় পক্ষই লাভবান হতে পারে।"
এনবিআর চেয়ারম্যান বলেন, মামলাগুলো ঝুলে থাকায় সরকারের প্রায় ৬ হাজার কোটি টাকার রাজস্ব আটকে আছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা এনবিআরের মামলাগুলো প্রত্যাহার করা হবে কি না- এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এসব মামলার বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবে।
"তবে একটি মামলায় উচ্চ আদালত নির্দেশনা দিয়েছে, আয়কর পুনর্মূল্যায়ন করে অভিযুক্তদের কাছ থেকে কর নেওয়া হোক", যোগ করেন আইনমন্ত্রী।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শতাধিক রাজনীতিকের বিরুদ্ধে মামলা করে এনবিআর। মামলায় অনেকের সাজাও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৮১২ ঘ.
bdnews24