বরিশাল, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থীদের দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে বরিশালে কথিত বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার রাত সোয়া ১০টার দিকে গৌরনদী উপজেলার শরিকল হাইস্কুল মাঠে হাবিবুর রহমান মিঠু (৩৫) নামে ওই ব্যক্তি র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ হয় বলে পুলিশ জানায়।
তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিঠু বাবুগঞ্জের আগরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তবে তিনি চরমপন্থী দল সর্বহারা পার্টির সঙ্গে যোগাযোগ রাখতেন বলে পুলিশের দাবি।
র্যাব-৮ এর বরিশাল ক্যাম্পের সহকারী পরিচালক মেজর রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শরিকল হাইস্কুল মাঠে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছুড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।"
৫/৬ মিনিট 'বন্দুকযুদ্ধ'র পর চরমপন্থীরা স্কুল ভবনের দেয়াল টপকে পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মিঠুকে পাওয়া যায় বলে র্যাব কর্মকর্তা রাশেদ জানান।
তিনি বলেন, ঘটনাস্থলে একটি এক নলা বন্দুক ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে।
মিঠু বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের তিলেরচর গ্রামের আলেপ খানের ছেলে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিঠু আগরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হলেও সর্বহারা পার্টির সঙ্গে যোগাযোগ রাখতেন।
চরমপন্থীদের দমনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাসখানেক ধরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু চরমপন্থীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে অভিযান আরও জোরদার করা হবে।
'ক্রসফায়ার' বা 'বন্দুকযুদ্ধের' ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24