২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জৌলুস হারাচ্ছে চাঁদপুরের ইলিশ মোকাম

'ইলিশের চারণভূমি'খ্যাত চাঁদপুরের ইলিশ মোকামে এখন আর আগের জৌলুস নেই। দক্ষিণাঞ্চলে যাতায়াত সুবিধা বাড়ায় এবং চাঁদপুরে বরফ সঙ্কটের কারণে বিক্রেতারা এখন বরিশাল অঞ্চলমুখী। ফলে ক্রেতারাও ছুটছেন সেখানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 09:09 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

আল ইমরান শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি চাঁদপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ইলিশের চারণভূমি'খ্যাত চাঁদপুরের ইলিশ মোকামে এখন আর আগের জৌলুস নেই। দক্ষিণাঞ্চলে যাতায়াত সুবিধা বাড়ায় এবং চাঁদপুরে বরফ সঙ্কটের কারণে বিক্রেতারা এখন বরিশাল অঞ্চলমুখী। ফলে ক্রেতারাও ছুটছেন সেখানে। পাশাপাশি পদ্মায় একের পর এক চর-ডুবোচর জেগে উঠায় চাঁদপুর সংলগ্ন এলাকায় আগের মতো ইলিশ ধরা পড়ছে না। চাঁদপুরের জেলেরাও এখন মাছ ধরতে চলে যাচ্ছেন দক্ষিণাঞ্চলে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. মো. আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকমকে বলেন, "আরিচা থেকে চাঁদপুর পর্যন্ত পদ্মার বুকে একের পর এক চর-ডুবোচর জেগে উঠায় এবং প্রয়োজনীয় ড্রেজিং না করায় পলি জমে যাওয়ায় ভবিষ্যতে পদ্মায় ইলিশ আহরণ আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। অথচ পদ্মার ইলিশের স্বাদের কথা সর্বজনবিদিত।" ইলিশ মাছ স্বল্পায়ু হওয়ায় তা সংরক্ষণে বরফ প্রয়োজন। কিন্তু নানা কারণে চাঁদপুরের বরফ কলগুলোর বেশির ভাগই বন্ধ। আবার লোডশেডিংয়ের কারণে উৎপাদনও কম। চাঁদপুর বরফ কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারেক হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে চাঁদপুরে ৩৭টি বরফ কল ছিল। এখন ছোট-বড় মিলিয়ে মাত্র সাতটি সচল আছে। এর ওপর লোডশেডিংয়ের কারণে চাহিদা অনুযায়ী বরফ তৈরি করা সম্ভবপর হয় না বলে জানান তিনি। এ কারণে এখন মাছ নিয়ে অনেকে চাঁদপুরে আসতে চান না বলে জানান চাঁদপুর বরফ ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ইউনুস আলী। চাঁদপুর কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাঁদপুরে ইলিশ আহরণ আশঙ্কাজনকভাবে কমেছে। প্রতি বছর মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মেঘনায় জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে তখন স্থানীয় জেলেদের অনেক কষ্ট স্বীকার করতে হয়।" মৎস্যজীবীরা জানান, বাড়তি ইলিশ পাওয়ার আশায় চাঁদপুরের অনেক জেলে দক্ষিণাঞ্চলে পাড়ি জমিয়েছেন। ইলিশ ধরে চাঁদপুরে আনতে আনতে তা পচে যাওয়ার আশঙ্কা থেকে তারা মাছ নিয়ে বরিশালেই চলে যান। সংশ্লিষ্টরা জানায়, চাঁদপুরের আড়তে মাছের আমদানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বরিশালের আড়তে ইলিশের আমদানি ও কেনা-বেচা অনেক বেড়ে গেছে। তাছাড়া বরিশাল থেকে অল্প সময়ে কম খরচে বেনাপোল স্থলবন্দর হয়ে কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে ইলিশ রপ্তানি করা যায় বলে ভারতে ইলিশ রপ্তানিকারকরা এখন বরিশালের দিকে ঝুঁকছে। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছরের চেয়ে এ বছর চাঁদপুরের মোকামে ইলিশের পরিমাণ কমেছে। বরিশাল মোকামের দিকে অনেকে ঝুঁকে পড়ায় চাঁদপুরে মাছ কম আসছে।" মৎস্য আড়তদার হাজী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদপুরে বর্তমানে এক কেজি ও তার চেয়ে কিছুটা বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০/১২ হাজার টাকা মণ দরে। দেড় কেজি ও তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০/২২ হাজার টাকা দরে। তিনি আরও জানান, চাঁদপুরের ইলিশ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি হয়। এছাড়া সিলেট, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে কিছু ইলিশ ভারতে রপ্তানি হয়। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ মণ ইলিশ আসছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে দেড় হাজার মণ ইলিশ এসেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫০০ ঘ.