বাগেরহাট, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থীদের দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে বাগেরহাটে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে নিহত রিয়াজুল হক মাসুদ (৩২) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য বলে পুলিশ জানায়।
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি গ্রামে ওই 'বন্দুকযুদ্ধ' হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খানপুর ইউনিয়নের চুলকাঠি গ্রামে একটি বাঁশবাগানে 'চরমপন্থী'দের বৈঠকের খবর পেয়ে র্যাব ও পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।
তিনি বলেন, "রাত ৩টার দিকে ঘটনাস্থলে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ করে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাব ও পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হটলে মাসুদকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।"
মাসুদকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ সুপার জানান।
পুলিশ জানায়, মাসুদের বিরুদ্ধে বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ নানা অভিযোগে ১৫টি মামলা রয়েছে। বাগেরহাটের বিএনপি নেতা এমএ আওয়াল এবং আওয়ামী লীগ নেতা এসএম ফরহাদ হোসেন হত্যা মামলায়ও তিনি আসামি।
চরমপন্থীদের দমনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাসখানেক ধরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু চরমপন্থীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে অভিযান আরও জোরদার করা হবে।
ক্রসফায়ারের বা বন্দুকযুদ্ধের নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.
bdnews24