২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে চাঁদাবাজির অভিযোগে ঠিকাদার আটক

সরকারী গুদামে চাল সরবরাহের সময় চালকল মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে নাটোরের গোয়েন্দা পুলিশ বুধবার রাতে এক ঠিকাদারকে আটক করেছে। এস এম সিরাজুল ইসলাম মজনু নামে ওই ঠিকাদারের কাছ থেকে মিল মালিকদের থেকে নেওয়া চাঁদার টাকা উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 06:59 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

নাটোর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারী গুদামে চাল সরবরাহের সময় চালকল মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে নাটোরের গোয়েন্দা পুলিশ বুধবার রাতে এক ঠিকাদারকে আটক করেছে। এস এম সিরাজুল ইসলাম মজনু নামে ওই ঠিকাদারের কাছ থেকে মিল মালিকদের থেকে নেওয়া চাঁদার টাকা উদ্ধার করা হয়। নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা জানান, বুধবার সরকারি খাদ্য গুদামে চাল কেনার ছিলো শেষ দিন। সদর উপজেলার ১১৭ জন চালকল মালিক এদিন সকাল থেকে চাল নিয়ে শহরের খাদ্য গুদামে ভিড় জমায়। এ সময় ঠিকাদার মজনু সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলামের নামে প্রতি টন চাল বাবদ মিল মালিকদের কাছ থেকে এক হাজার টাকা করে আদায় করতে থাকেন। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হান্নান ওই ঠিকাদারকে রাত নয়টার দিকে চাঁদার টাকাসহ আটক করে। ঠিকাদার মজনুকে বর্তমানে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি কর্মকর্তা আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া চাঁদার টাকার আলামত জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।" নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেছেন, "আমি চাল ক্রয় কমিটির সভাপতি হিসেবে মিল মালিকদের মাঝে সঠিকভাবে চাল বিভাজন করে দিয়েছি। কারও কাছ থেকে চাঁদা নিইনি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।" স্থানীয়ভাবে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত ঠিকাদার সিরাজুল ইসলাম মজনু তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/০০৫৭ঘ.