গোপালগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে টাকার মান ধরে রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, "পৃথিবীব্যাপী মুদ্রার মান ভয়ঙ্কররূপে অস্থিতিশীল রয়েছে। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে টাকার মান তেমন কমেনি। আমাদের টাকার মান অনেক ভাল রয়েছে। তবে এই মান ধরে রাখতে পারব কি না তা জানি না।"
শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুস্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সমাধি প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থমন্ত্রীর পর সিলেট সিটি মেয়র বদরুদ্দীন আহমদ কামরান, গোসাইরহাট-কোম্পানীগঞ্জ আসনের সাংসদ ইমরান আহম্মেদ, সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পার্ঘ্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জিএনএ ২০১৫ ঘ.
bdnews24