ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সফেদ রাজহাঁসের পিঠে চেপে জ্ঞানের আলো ছড়াতে এক বছর পর আবার এসেছেন বাণী (বিদ্যা) দেবী সরস্বতী। শুক্রবার মাঝরাতে প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
শনিবার সকালে পূজা অর্চনা আর সন্ধ্যায় হবে আরতি।
প্রতিবছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বিদ্যার জন্য বাণী দেবীর আরাধনা করে সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। শনিবার এ পূজা উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
স্বরস্বতী বিদ্যার দেবী বলে ঐতিহ্যগতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব ধর্মের শিক্ষার্থীদের মধ্যেই এ দিনটি ভক্তি ও উৎসবের অন্যরকম আমেজ এনে দেয়।
শিক্ষার্থী ছাড়াও সব বয়সের মানুষই এতে কমবেশি অংশ নিয়ে থাকেন।
প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সাড়ম্বরে পালিত হচ্ছে সরস্বতী পূজা। জগন্নাথ হলের ছাত্ররা বিভাগভিত্তিক পূজামণ্ডপ স্থাপন করেছেন।
জগন্নাথ হল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রী হল, ইডেন কলেজ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠেোনগুলাতে বিদ্যা দেবীর পূজা হবে। এছাড়া প্রতিবারের মতো ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উদযাপিত হবে সরস্বতী পূজা।
বাংলাদেশ সচিবালয় পূজা উদ্যাপন ও কল্যাণ পরিষদের উদ্যোগে সচিবালয়ের পাশে মুক্তাঙ্গনে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী এ পূজার।
শনিবারের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় বাণী অর্চনা (পূজা শুরু), সকাল ৯টায় পুষ্পাঞ্জলি, সকাল ১১টায় প্রসাদ বিতরণ ও সন্ধ্যা সাড়ে ৬টায় আরতি।
জগন্নাথ হলের ছাত্ররা ব্যস্ত ছিলেন আকর্ষণীয় ও ভিন্নধর্মী মণ্ডপ সাজাতে। প্রতিবারের মতো এবারও চারুকলা ইনস্টিটিউটের ছাত্ররা জগন্নাথ হলের পুকুরে ব্যতিক্রমী মণ্ডপ তৈরি করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১১৩৮ঘ.
bdnews24