২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপ্রধানের 'শান্তির স্বপ্নে' বইয়ের মোড়ক উন্মোচন

অধ্যাপক মোজাফফর আহমদ 'শান্তির স্বপ্নে' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছেন, শান্তির উপাদানগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে। এ বইটিতে রয়েছে পারিবারিক সৌহার্দ্যবোধ, দায়িত্ববোধ এবং সৃজনশীলতার বহি:প্রকাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 05:53 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক মোজাফফর আহমদ 'শান্তির স্বপ্নে' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছেন, শান্তির উপাদানগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে। এ বইটিতে রয়েছে পারিবারিক সৌহার্দ্যবোধ, দায়িত্ববোধ এবং সৃজনশীলতার বহি:প্রকাশ। তিনি বলেন, "আমি আশা করেছিলাম, এই বইটিতে 'ওয়ান-ইলেভেনের' সময়কালের ঘটনাগুলো আরো স্পষ্টভাবে থাকবে। কিন্তু তা রয়েছে অস্পষ্টভাবে ।" বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের গলফ ক্লাব মিলনায়তনে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের 'শান্তির স্বপ্নে' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ এসব কথা বলেন। বইটির মোড়ক উন্মোচনও করেন তিনি। অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, "ওয়ান-ইলেভেন নিয়ে যে 'মিথ' আছে তা দূর হতো, যদি তিনি আরো নির্দিষ্টভাবে সে বিষয়ে বলতেন। এছাড়া সেনাবাহিনীর স্বচ্ছতা নিয়েও মানুষের মনে প্রশ্ন আছে। এ বিষয়গুলো নিয়ে আরো সুনির্দিষ্টভাবে আলোচনা করলে খুবই ভালো হতো।" ৪০৮ পৃষ্ঠার এ বইয়ে রয়েছে সেনাপ্রধানের ছেলেবেলার স্মৃতি, সামরিক জীবন, ১৯৭৫ সালে বঙ্গভবনের স্মৃতি এবং কোন পরিস্থিতিতে 'ওয়ান-ইলেভেনে' সেনাবাহিনী কী ভূমিকা পালন করেছে ইত্যাদি নানান বিষয়। বইটির উপর আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, "যারা স্বপ্ন দেখতে পারে পৃথিবীর ইতিহাসে তারাই সমাজ গঠনের অনুঘটক হিসেবে কাজ করে। তাদের সে স্বপ্নগুলো হয় শান্তির স্বপ্ন। এ বইটি যথার্থই তা প্রমাণ করেছে।" তিনি বলেন, "এ বইটি শুধুমাত্র সেনাপ্রধানের নিজস্ব স্বপ্নই নয়, তার জীবন-পথের উপলব্ধি থেকে বইটির পরতে পরতে সাধারণ মানুষের জীবনই যেন ছড়িয়ে আছে। এতে রয়েছে ভবিষ্যত দিক-নির্দেশনা। মানুষের ভবিষ্যতের শান্তির জন্য এই বইটি পথিকৃৎ হিসেবে কাজ করবে।" ভবিষ্যতে ইতিহাস চর্চাকারীদের জন্য একটি অন্যতম উপাদান হিসেবে এ বইটি কাজে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সেনাপ্রধান মইন উ আহমেদ বলেন, "দেশের প্রতি ভালোবাসা এবং কর্মস্থলের দায়িত্ববোধ থেকে এ বইয়ের মাধ্যমে আমি নতুন প্রজন্মকে দিক-নির্দেশনা দেবার চেষ্টা করেছি। যাতে তারা তাদের চলার পথে আরো ভালো পদক্ষেপ নিতে পারে।" তিনি বলেন, এ বইয়ে তিনি কাউকে ছোট করার চেষ্টা করেননি। তারপরও যদি কেউ এটি পড়ে দু:খ পায় তাহলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। সেনাপ্রধান জানান, এ বই বিক্রি থেকে পাওয়া অর্থের অংশবিশেষ একটি স্কুল প্রতিষ্ঠায় দান করা হবে। 'শান্তির স্বপ্নে' বইটি প্রকাশ করেছে এশিয়া প্রকাশন । মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ /এইচএ/২৩৪৩ ঘ.