বাগেরহাট, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মংলা বন্দরে চাকরিচ্যুত প্রায় সাড়ে চার হাজার শ্রমিক কর্মচারির পাওনা ২০ কোটি টাকা পরিশোধে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিজস্ব তহবিলে টাকা না থাকায় এ জটিলতার সৃষ্টি হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।
পাওনা টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ডক পরিচালনা বোর্ড চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে শ্রমিকরা।
বুধবার রাতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জনপ্রতিনিধি ও শ্রমিকদের এক সমঝোতা বৈঠক হয়।
বৈঠকে বন্দর কর্তৃপক্ষ টাকা চেয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাছে আবেদন করার প্রতিশ্র"তি দেয়। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকও সমস্যাটি সমাধানে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
মংলা বন্দরের রেস্ট হাউজ পারিজাতে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বন্দরের পরিচালক (প্রশাসন) মো. জাহিদ হোসেন, পরিচালক (ট্রাফিক) মাহবুবউল্লাহ, মংলা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার, ভাইস চেয়ারম্যান মো. নুর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুর রহমান, মংলা বন্দর নায্য পাওনা আদায় সংগ্রাম কমিটির আহবায়ক আবদুর রশিদ তালুকদার, সদস্য সচিব বাবুল খান প্রমুখ।
বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন কুমার সাহা বলেন, "মংলা বন্দরের নিজস্ব তহবিলে কোনো টাকা না থাকায় চাকরিচ্যুত প্রায় সাড়ে চার হাজার শ্রমিককে তাদের পাওনা ২০ কোটি টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না।"
তিনি আরও বলেন, "বিষয়টি নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে শিগগিরই আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বৈঠক শেষে বলেন, "মংলা বন্দরের নিজস্ব তহবিলে কোনো টাকা নেই। তাছাড়া বন্দরের নিজস্ব আয়ও সীমিত। তাই শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না।"
তিনি এই বিষয়টি নৌ পরিবহন মন্ত্রণালয়কে অবহিত করে শ্রমিকদের বকেয়া পাওনা টাকা আদায়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
আন্দোলন সংগ্রাম করে মংলা বন্দরের অচলাবস্থা সৃষ্টি না করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মংলা বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক এ কে এম শাহবুদ্দিন এই পরিস্থিতির জন্য মংলা বন্দর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন।
তিনি বলেন, "গত জুন মাসে বন্দর কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারিদের পাওনা পরিশোধ না করেই ডক শ্রমিক পরিচালনা বোর্ড বাতিল করে নুতন বার্থ অপারেটিং সিষ্টেম চালু করে। ফলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। মালিকপক্ষের সংগঠন স্টিভিডোর্স এসোসিয়েশনের হাতে বন্দরের শ্রমিক নিয়োগের ক্ষমতা দেওয়ায় প্রকৃত শ্রমিকরা কাজ থেকে বঞ্চিত হচ্ছে।"
তিনি বলেন, "পাওনা টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ডক পরিচালনা বোর্ড চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।"
শাহবুদ্দিন দাবি করেন, মংলা বন্দরে ২০০৭ সালের ১ আগস্ট নুতন বার্থ অপারেটিং সিষ্টেম চালু হওয়ার পর বন্দর কর্তৃপক্ষের নিয়োগ করা মংলা বন্দর স্টিভিডোর্স এসোসিয়েশন নিয়মনীতি উপেক্ষা করে বন্দরের তালিকাভুক্ত 'মাফিয়া', সন্ত্রাসী ও খুনিদের সরদার হিসেবে নিয়োগ দিয়েছে। তাদের নিয়োগ করা ৩০ সরদারের মধ্যে ১৮ জনই বন্দরের তালিকাভুক্ত 'মাফিয়া'।
গত জোট সরকারের আমলে সংসদীয় কমিটি মংলা বন্দরকে অচল করার জন্য ১১ জন মাফিয়াকে চিহ্নিত করে। এই চিহ্নিত মাফিয়াদের মধ্যে অন্তত ৬ জনকে স্টিভিডোর্স এসোসিয়েশন নিয়োগ দিয়েছে বলে বুধবারের সভায় মেয়র তালুকদার আবদুল খালেক ক্ষোভও প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানান, বৈঠকে বন্দর কর্তৃপক্ষ মেয়রকে এই আশ্বাস দিয়েছে যে, তারা স্টিভিডোর্স এসোসিয়েশনের নেতাদের ডেকে ওই চিহ্নিত মাফিয়াদের বাদ দিতে বলবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০২ ঘ.
bdnews24