২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া মজুরির দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার ছোট কুমিরায় গুল আহমদ জুটমিলের শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া মজুরির দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার ছোট কুমিরায় গুল আহমদ জুটমিলের শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার উভয় পাশে কয়েশ' যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকা পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজট। তবে অবরোধের সময় কোন ভাঙচুরেরর ঘটনা ঘটেনি। বিকেলে পৌণে ৪টা দিকে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়। স্থানীয় একজন সাংবাদিক পুলিশ ও শ্রমিক নেতাদের উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছোট কুমিরায় অবস্থিত বিজেএমসির নিয়ন্ত্রণাধীন গুল আহমদ জুট মিলের পাঁচ শতাধিক শ্রমিক দুপুর আড়াইটার দিকে মিল সংলগ্ন মহাসড়কে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। এর পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়। সীতাকুণ্ড শিল্পাঞ্চলের পাটকলগুলোর সিবিএ'র সমন্বয়কারী তোফাজ্জল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চলতি সপ্তাহসহ আট সপ্তাহের মজুরি বকেয়া থাকায় শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়। আজ (বৃহস্পতিবার) চলতি সপ্তাহের মজুরি দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।" তিনি জানান, আগামী সপ্তাহে শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়া না হলে নতুন করে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। গুল আহমদ জুট মিলের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, "চলতি সপ্তাহের মজুরিসহ বিগত দুই বছরের আট সপ্তাহের সাপ্তাহিক বেতন বকেয়া রয়েছে। মিলে টাকা না থাকায় আজ (বৃহস্পতিবার) তাদের চলতি সপ্তাহের মজুরি দেওয়া যায়নি।" তিনি দাবি করেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে আগামী রোববার বা সোমবারের মধ্যে মজুরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু সকালের পালা শেষ হওয়ার পর হঠাৎ করে উচ্ছৃঙ্খল কিছু শ্রমিক রাস্তা অবরোধ করে। মহাব্যবস্থাপক জানান, শ্রমিকরা রাস্তা অবরোধ করলেও কারখানা চালু রয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। শ্রমিকদের সঙ্গে আলোচনার পর তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, "আজ (বৃহস্পতিবার) রাতে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসব। ভবিষ্যতে যাতে কারখানার সমস্যা নিয়ে শ্রমিকরা রাস্তায় না নামে- সে বিষয়টি তাদের জানিয়ে দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৩৬ ঘ.