ময়মনসিংহ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ময়মনসিংহের বেগুনবাড়ি স্টেশনের আউটার সিগন্যালে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে একটি যাত্রীবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়।
এ দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুট হয়ে উত্তরবঙ্গগামী সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেন্ডেন্ট নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে দেওয়ানগঞ্জ ঘাট থেকে ঢাকাগামী মেইল ট্রেন কমিউটার এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।
তিনি বলেন, "দুর্ঘটনার পরপরই ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।"
নজরুল ইসলাম বেলা ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বগি উদ্ধার কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এজে/এসকে/১১২৪ঘ.
bdnews24