২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের শুনানিতে যাচ্ছে হিউম্যান রাইটস ফোরাম অন ইউপিআর বাংলাদেশ

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য পদ পেতে আগামী মাসে জেনেভায় বাংলাদেশসহ ১৬টি দেশের শুনানিতে যুদ্ধাপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘুদের অধিকার, ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তাসহ মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু তুলে ধরবে হিউম্যান রাইটস ফোরাম অন ইউপিআর (ইউনির্ভাসাল পিরিয়ডিক রিভিউ) বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 06:17 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য পদ পেতে আগামী মাসে জেনেভায় বাংলাদেশসহ ১৬টি দেশের শুনানিতে যুদ্ধাপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘুদের অধিকার, ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তাসহ মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু তুলে ধরবে হিউম্যান রাইটস ফোরাম অন ইউপিআর (ইউনির্ভাসাল পিরিয়ডিক রিভিউ) বাংলাদেশ। ১৭টি মানবাধিকার সংগঠন নিয়ে গঠিত ফোরামের এক সাংবাদিক সম্মেলনে বুধবার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল এ তথ্য জানান। আগামী ৩ ফেব্র"য়ারী জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এ শুনানি অনুষ্ঠিত হবে। এতে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা রয়েছে। চলতি বছরের মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচন হবে। নির্বাচনে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। তাই এবারের শুনানিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। সুলতানা কামাল জানান, সার্বজনীন পুনর্বীক্ষণ বা ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ জাতিসংঘ মানবাধিকার ব্যবস্থায় অর্ন্তভূক্ত নতুন একটি প্রক্রিয়া। এর আওতায় ৪ বছর পর পর সদস্য রাষ্ট্রের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়ে থাকে। তিনি আরও জানান, তিনটি প্রতিবেদনের ভিত্তিতে এবার শুনানি অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে-সংশ্লিষ্ট দেশের পাঠানো প্রতিবেদন, জাতিসংঘ ও এর সহযোগী সংস্থার পাঠানো প্রতিবেদন এবং বেসরকারী সংস্থাসহ অন্যান্য সূত্র থেকে পাঠানো প্রতিবেদন। সুলতানা কামাল বলেন, "মানবাধিকার কাউন্সিলে আমাদের ফোরামের পক্ষ থেকেও একটি বিকল্প প্রতিবেদন পাঠানো হয়েছে। শুনানির সময় ফোরামের প্রতিনিধিরা তা উপস্থাপন করবেন।" তিনি আরও বলেন, "আমরা চাই রাষ্ট্রীয় পর্যায় থেকে পাঠানো প্রতিবেদনে মানবাধিকার সম্পর্কিত যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয় তা বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট সময়সীমা বেধে দিক। কেননা এসব ক্ষেত্রে সরকার পক্ষ থেকে 'পদক্ষেপ নেওয়া হচ্ছে' 'বিষয়টি দেখা হবে' 'পরিস্থিতি অনুকুল হোক' ইত্যাদি কথা বলে এড়িয়ে যাওয়া হয়।" সাংবাদিক সম্মেলনে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে যুদ্ধাপরাধ, জীবন, স্বাধীনতা, নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা, আবাসনের অধিকার, নারী অধিকার, আদিবাসী জনগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু, শ্রম অধিকার, শিশু অধিকার, আর্ন্তজাতিক মানবাধিকার মানদণ্ড ইত্যাদি বিষয় তুলে ধরে বলা হয়, "এরকম আরও কতগুলো বিষয় আমরা মানবাধিকার কাউন্সিলে তুলে ধরে সরকারের পরিপূরক হিসাবে কাজ করতে চাই।" ড. ইফতেখারুজ্জামান, রঞ্জন কর্মকার, জাকির হোসেন, সাঈদ আহমেদ, মহসিন আলী খান, ফরিদা ইয়াসমিন, ফেরদৌসী আক্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/০০২০ ঘ.