ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জনতার মঞ্চ' মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাহারের এখতিয়ার কেবল আদালতের।
বহুল আলোচিত এই মামলার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় মামলাটি এখনই প্রত্যাহার করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিদায়ী পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী।
মামলাটি প্রত্যাহারের বিষয়ে পরামর্শ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা পিপি সমাজীকে সোমবার চিঠি পাঠালে মঙ্গলবার তিনি এ জবাব দেন।
জনতার মঞ্চ মামলাটি এখন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। ১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ সময়ে আওয়ামী লীগের সরকার বিরোধী আন্দোলনের এক পর্যায়ে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্মিত জনতার মঞ্চে এসে সংহতি প্রকাশ করেছিলেন কয়েকজন সরকারি কর্মকর্তা।
চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালের ৮ আগস্ট রমনা থানায় এ মামলা করা হয়।
বর্তমান সরকার ক্ষমতায় এসে 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলাগুলো প্রত্যাহারের সরকারি সিদ্ধান্ত নেওয়ার পর গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব (আইন) মো. সুজায়েতউল্ল্যাহ স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটরকে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, "সরকার 'ফৌজদারি কার্যবিধি ১৮৮৯' এর ৪৪৯ ধারার আওতায় ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানায় মামলা নম্বর ৩০, তারিখ ৮-৪-২০০২ এর প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই মামলাটি প্রত্যাহারের লক্ষ্যে মহানগর পিপিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য পিপি সমাজীকে অনুরোধ করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জিএনএ/১৯২৫ ঘ.
bdnews24