ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার বিকেলে তিনি তার দায়িত্ব বুঝে নেন। আব্দুল্লাহ তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজীর স্থলাভিষিক্ত হলেন।
ভারপ্রাপ্ত উপ সলিসিটর মিঞা মুহা. আলি আকবর আজিজী স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে নতুন মহানগর পাবলিক প্রসিকিউটর মো. আবদুল্লাহ আবুর নিয়োগের বিষয়টি জানানো হয়।
বিকেলে মো. আবদুল্লাহ আবু দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজাীসহ আইনজীবীরা নতুন পাবলিক প্রসিকিউটর আবুকে স্বাগত জানান। এ সময় আবুল্লাহ আবু সরকারি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
বিদায়ী পাবলিক প্রসিকিউর সমাজী বিভিন্ন কাজে তাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। নতুন পিপি মো. আব্দুল্লাহ আবু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮০ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।
তিনি ১৯৯৭ সালে বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন। ১৯৯৫ সালে আব্দুল্লাহ বাংলাদেশ আইন সমিতির সভাপতি ছিলেন। ২০০০ সালে তিনি ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জিএনএ/১৯১০ ঘ.
bdnews24