চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশ হেফাজতে মো. হাবিব (১৭) নামে এক তরুণকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণ মারা যায়।
চান্দগাঁও থানার উপ পরিদর্শক ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপপরিদর্শক মো. রশিদ ও সহকারি উপ-পরিদর্শক মো. হাফিজের নেতৃত্বে থানার একটি দল দুই পুলিশ সোর্সের তথ্যের ভিত্তিতে হাবিবকে রাত পৌনে চারটার দিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি আসামিকে বেলা ১২টার দিকে গ্রহণ করেন। গ্রেপ্তারের পরই হাবিব অসুস্থ হয়ে পড়ে। বিকেলে হাসপাতালে ভর্তির আগে তাকে আরও একদফা চিকিৎসা দেওয়া হয়।
তিনি দাবি করেন, জিজ্ঞাসাবাদের সময় হাবিব সুস্থ ছিল এবং তাকে কোন নির্যাতন করা হয়নি।
সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাবিবের অবস্থা সংকটজনক হওয়ায় আদালত পুলিশ তাকে গ্রহণ না করে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। পরে হাবিবের বিরুদ্ধে ১০ বোতল ফেনসিডিল রাখার অভিযোগে দায়ের করা মামলার কাগজপত্র মহানগর হাকিম ওসমান গনির আদালতে পাঠানো হয়।
তিনি জানান, বুধবার দুপুর আড়াইটার পরে যখন তাকে আদালতে আনা হয় তখন তার শারীরিক অবস্থা গুরুতর ছিল।
এ প্রসঙ্গে উপ-পুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চান্দগাঁও থানার এক আসামিকে আদালত থেকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে বলে শুনেছি। আমি বিষয়টি তদন্ত করছি। এ মৃত্যুর বিষয়ে পুলিশের কোন অবহেলা থাকলে দায়ীদর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/জিএনএ/১৯০৫ ঘ.
bdnews24