ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের আট কর্মকর্তা পদে রদবদল হয়েছে।
এদের মধ্যে একজনকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং একজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিবকে পদায়ন করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়।
এদের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সচিব ফারুক জলিলকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, প্রধান বিস্ফোরক পরিদর্শক আবু সৈয়দ মোহাম্মদ খুরশীদ আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, হোটেল ইন্টারন্যাশনাল হিলের সচিব হিসেবে বদলির আদেশাধীন এএফ আমিন চৌধুরীকে অর্থ বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
ওএসডি উপ-সচিব উৎপল কুমার দাসকে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক প্রিয় জ্যোতি খীসাকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব নূর উদ্দিন আহমেদকে রাজউকের সচিব, অর্থ বিভাগের উপ-সচিব প্রিয়তোষ সাহাকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) কোম্পানি সচিব এবং চট্টগ্রাম ওয়াসার সদস্য সৈয়দ তৌহিদুর রহমানকে প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল
bdnews24