ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে ব্যবসা টিকিয়ে রাখতে হিমায়িত খাদ্য রপ্তানিকারকরা সুদমুক্ত ঋণ এবং সরকারি নগদ সহায়তার পরিমাণ আরো বাড়ানোর প্রস্তাব করেছেন।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য মন্ত্রী ফারুক খানের সঙ্গে সাক্ষাতের সময় হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মন্ত্রী ব্যবসায়ী নেতাদের সরকারের পক্ষ থেকে সম্ভব সব সহযোগিতা করার আশ্বাস দেন।
সমিতির সভাপতি কাজী বেলায়েত হোসেন মন্ত্রীকে জানান, বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে তাদের গত অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ওই অর্থবছরে ৬০০ মিলিয়ন ডলারের রপ্তানির লক্ষ্য নির্ধারিত থাকলেও অর্জন সম্ভব হয়েছে ৫৩৪ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরেও লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা অনেক কম উল্লেখ করে তারা লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে নগদ সহায়তার পরিমাণ ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশে উন্নীত করা এবং ব্যাংক থেকে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করার দাবি জানান।
এ সময় সমিতির পক্ষ থেকে দেশেই হিমায়িত খাদ্যের রাসায়নিক পরীক্ষা করার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসায়ীদের জন্য হিমায়িত খাদ্য উৎপাদনে ভূমির ব্যবস্থা করারও দাবি জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৬০৮ঘ.
bdnews24