ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- একজন মন্ত্রীর কাছে আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের অপসারণ দাবি করেছেন নিম্ন আদালতের বিচারকরা।
মঙ্গলবার বিকেলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম পুরান ঢাকার জেলা জজ আদালতে গেলে বিচারকরা তার কাছে এই দাবি জানান। প্রতিমন্ত্রী বিচারকদের বলেন, তিনি বিষয়টি 'দেখবেন'।
গত ২৩ জানুয়ারি আইন সচিবের অপসারণের দাবিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সভা হয়। এতে হাবিবুল আউয়ালকে আইন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ 'অবৈধ' বলে অভিহিত করেন বক্তারা।
এর পরিপ্রেক্ষিতে সোমবার বিচারকদের বিরুদ্ধে 'ব্যক্তিগত আক্রমণের' অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন আইন সচিব।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনে জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে বিচারকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সেখানে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকার জেলা দায়রা জজ মো. আব্দুল গফুর আইন সচিবকে অপসারণ করার জন্য প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
আইন সচিব সংবাদ সম্মেলন করে বিচারকদের বিরুদ্ধে 'কুৎসা' করেছেন বলে অভিযোগ করেন তারা।
এর আগে ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ মন্ত্রীকে তাৎক্ষণিকভাবে সংবর্ধনা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এএল/এসকে/২৩০৭ঘ.
bdnews24