২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয় রিটার্ন দাখিল করতে ইসি'র চিঠি

নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩৮টি রাজনৈতিক দলকে ৩১ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের বিবরণী দাখিল করার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩৮টি রাজনৈতিক দলকে ৩১ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের বিবরণী দাখিল করার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দলের সাধারণ সম্পাদক ও মহাসচিবদের কাছে পাঠানো হয়েছে। মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নবম সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩৮টি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক/মহাসচিবের কাছে নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়ে বিশেষ বার্তাবাহক মারফত এ চিঠি দেওয়া হয়েছে।" গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের পর ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে নির্বাচনী ব্যয় রিটার্ন দাখিল করতে হবে। মিহির সারওয়ার মোর্শেদ জানান, ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ১ জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এ হিসেবে আগামী ৩১ মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ব্যয়ের রির্টান দাখিল করতে হবে। তবে সংসদের ২৬৮ নোয়াখালী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী ব্যয় রিটার্ন দাখিলের সর্বশেষ সময়সীমা ১৪ এপ্রিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এইচএ/এসকে/২১০৭ঘ.