ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশে এসিড সন্ত্রাসের মাত্র ২০ শতাংশ মামলায় অপরাধীদের সাজা হয়েছে। আবার এসব মামলার মধ্যে মাত্র ৬০ শতাংশের অভিযোগপত্র দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তারা। বাকি ৪০ শতাংশ মামলায় অভিযোগ তদন্তে প্রমাণিত হয়নি।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের এক সভায় এ তথ্য জানানো হয়।
সভার সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন মামলাগুলোর এই ধীর অগ্রগতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। মামলার তদন্তে আরো কঠোরভাবে মনোনিবেশ করার জন্য তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভা শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এসিড মামলার পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশে মোট ১ হাজার ৫৮৫টি এসিড সন্ত্রাসের মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৯২৬টি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। ১২টি মামলা তদন্তাধীন। বাকি ৬৪৭টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে।
অভিযোগপত্র দেওয়া ৯২৬টি মামলার মধ্যে মাত্র ১৯০টির অভিযোগ আদালতে প্রমাণ করা গেছে। এতে ১৯০ জনের শাস্তি হয়। বাকি সব মামলায় অভিযুক্তরা ছাড়া পেয়ে যায়।
প্রতিমন্ত্রী জানান, তদন্তকারী কর্মকর্তাদের গাফিলতি ও অবহেলার জন্য সভায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এসব মামলার তদন্ত আরো নিখুঁতভাবে সম্পন্ন করে সাাক্ষ্য-প্রমাণসহ আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। যাতে আসামীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।
তিনি বলেন, "এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠার পর চলতি অর্থ বছরে অর্থ মন্ত্রণালয় থেকে দুই কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। নীতিমালা অনুযায়ী এ অর্থ জেলাসহ বিভিন্ন পর্যায়ে যথাযথভাবে বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।"
মামলার তদন্তে অবহেলা বা গাফিলতির জন্য কোন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, "কারো বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ দায়িত্বে অবহেলা বা গাফিলতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
এছাড়া সভায় খোলা ট্রাকে করে ড্রাম-ভর্তি এসিড পরিবহন বন্ধ করে নিয়ম অনুযায়ী কন্টেইনারের মাধ্যমে পরিবহন নিশ্চিত করতে চেক-পোস্টগুলোকে সক্রিয় করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
অন্যদের মধ্যে সভায় স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা, বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধি ও প্রেস ক্লাব সভাপতি শওকত মাহমুদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/এসকে/১৯৩৪ঘ.
bdnews24