বান্দরবান, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনের পাঁচ দিন পর মঙ্গলবার বান্দরবানের রুমা উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
এতে চেয়ারম্যান পদে জনসংহতি সমিতির অংথোয়াইচিং জয়ী হয়েছেন। এর মাধ্যমে জেলার সাতটি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেল।
সকালে জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তালিকায় দেখা গেছে, চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জনসংহতি সমিতির অংথোয়াইচিং। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ছয় হাজার ৬৯৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জুয়েল বম ছাতা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৪১৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন খয়চ্যং ম্রো। টিয়াপাখি প্রতীকে তিনি পেয়েছেন দুই হাজার ৩৭০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উজ্জল ধর মাত্র এক ভোটে হেরে গেছেন। উড়োজাহাজ প্রতীকে তিনি পেয়েছেন দুই হাজার ৩৬৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্যাসিং মারমা প্রজাপতি প্রতীকে তিন হাজার ৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিংএংমং বম হাঁস প্রতীকে পেয়েছেন এক হাজার ৭৮১ ভোট।
ফলাফল প্রকাশে বিলম্বের কারণ সম্পর্কে জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারি মোজাফফর আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রত্যন্ত এলাকার ফলাফল পেতে দেরি হওয়ায় ফল প্রকাশে এ বিলম্ব হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৪১৮ ঘ.
bdnews24