ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)-- প্রায় ২৩ কোটি টাকা অপচয় ও আত্মসাতের অভিযোগে বিলুপ্ত বিটিটিবি'র (বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড-বিটিসিএল) ২১ জন বিভাগীয় প্রকৌশলীসহ ৩৮ জনের বিরুদ্ধে ২১ টি আলাদা মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্তদের মধ্যে ১৪ টি বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের ১১ জন উপবিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী এবং ৬ জন বিভাগীয় হিসাব রক্ষক রয়েছেন।
সোমবার কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে একই সংস্থার পরিচালক মোহাম্মদ তৌফিকসহ নয় জন এবং সাবেক পরিচালক নূর হোসেন মিয়াসহ ৪৭ জনের বিরুদ্ধে পৃথক ৯টি মামলা দায়েরের অনুমোদন দেয় দুদক।
হানিফ ইকবাল জানান, অভিযুক্ত ৩৮ জন ক্ষমতার অপব্যবহার করে বাজেট বর্হিভূত ২০ কোটি ৫২ লাখ টাকা ব্যয়সহ ভূয়া কাগজপত্র তৈরি করে মোট ২৩ কোটি ৪ লাখ ১৮ হাজার ৬'শ ৩৩ টাকা অপচয় ও আত্মসাত করেছেন।
মামলা দায়েরের অনুমোদন দেওয়া ২১ জন বিভাগীয় প্রকৌশলীর মধ্যে রয়েছেন; আব্দুর রহিম, ফেরদৌস আলম, সরকার মো. জাবেদ রাব্বানী, মোয়াজ্জেম হোসেন ভূঞা, মো. আইয়ূব আলী, রইস উর রহমান, কবীর হাসান, শাহজাহান আলী মোল্লা, নাজিম উদ্দিন প্রামানিক, মো. রফিকুল ইসলাম, মো. ফখরুল হায়দার চৌধুরী, এ কে এম জাফর সাদেক, আহসান হাবীব তফাদার, মো. মুসফিকুর রহমান, মো. আব্দুল আওয়াল, অজিত কুমার মহুরী, প্রদীপ কুমার সাহা, উৎপল দেওয়ান, মো. হাবিবুর রহমান, খোন্দকার যুবায়ের হাসান ও জুলফিকার ইসলাম।
১১ জন উপবিভাগীয় প্রকৌশলীর মধ্যে রয়েছেন; সাধন কুমার দাশ, হাবিবুর রহমান প্রামানিক, খোরশেদ আলম, আখতারুজ্জামান, ব্রজ গোপাল বণিক, মো. ইউসুফ আলী, মো. নাছির, স্বপন কুমার রায়, মো. খলিলুর রহমান, হাবিবুল্লাহ কায়সার ও মো. জাকারিয়া ফরিদী।
৬ জন বিভাগীয় হিসাব রক্ষকের মধ্যে রয়েছেন; গোপাল লাল রায়, মো. আব্দুস সামাদ, মো. হাবিবুর রহমান আজাদ, নিত্যনন্দ বর্মণ, এ কে এম কামাল উদ্দিন এবং এ এস এম লিয়াকত আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর/পিসি/জিএনএ/২০২৮ ঘ.
bdnews24