২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রহণ' উৎসবে শিশুদল

দিন কয়েক ধরেই কুয়াশার দাপট। আকাশে ছিল মেঘও। সূর্য লুকিয়ে ছিল মেঘ ও কুয়াশার আড়ালে। আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছিল, আকাশ পরিস্কার থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বিকাল পৌনে চারটার দিকে চাঁদ যখন বা দিকে সূর্যকে একটু ঢেকে ফেলল তখন একযোগে চিৎকার করে উঠলো গ্রহণ দেখতে আসা স্কুলের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দিন কয়েক ধরেই কুয়াশার দাপট। আকাশে ছিল মেঘও। সূর্য লুকিয়ে ছিল মেঘ ও কুয়াশার আড়ালে। আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছিল, আকাশ পরিস্কার থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বিকাল পৌনে চারটার দিকে চাঁদ যখন বা দিকে সূর্যকে একটু ঢেকে ফেলল তখন একযোগে চিৎকার করে উঠলো গ্রহণ দেখতে আসা স্কুলের শিক্ষার্থীরা। বাবা-মার হাত ধরে অনেকেই আগারগাঁও এর বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ছাদে এসেছিল মহাজাগতিক এ ঘটনা প্রত্যক্ষ করতে। মারুফ মল্লিক জানাচ্ছেন বিস্তারিত। মেঘের কারণে খুব একটা ভালো দেখা যায়নি। থেকে থেকে মেঘের আড়ালে সরে যাচ্ছিল সূর্য। কিন্তু আগ্রহের কমতি ছিল না কারও। মেঘের আড়াল থেকে সূর্য উকি দিতেই সবাই ফিল্টার দিয়ে চোখ রাখছিল শক্তিমান সূর্যকে চাঁদের 'খেয়ে ফেলার' দৃশ্যে। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর সুকল্যান বাছাড় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের আকাশ থেকে খুব একটা ভালো না দেখা গেলেও খুব খারাপ দেখা গেছে বলা যাবে না।" তিনি বলেন, "খালি চোখে এটি দেখা ঠিক না। কারণ সূর্য থেকে যে উচ্চ কম্পাংকের শক্তি নির্গত হয় তা চোখের রেটিনাকে পুড়িয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া বুঝা যায় না।" আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ফারাহ দীবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৬ মিনিটে গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৫টা ৪২ মিনিটে। নামিবিয়ার দক্ষিণ-পশ্চিমে আটলান্টিক উপকূলে স্থানীয় সময় সকাল ৫টা ২৯ মিনিটে গ্রহণ শুরু হয়। শেষ হয় ভিয়েতনাম উপকূলের দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় ৫টা ৫৯ মিনিটে।" বাংলাদেশে ৩ টা ৩৫ মিনিটে শুরু হয়ে ৫টায় শেষ হয়। তবে ৪টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় গ্রহণ অতিক্রম করেছে। দেখা গেছে আংশিক। বিজ্ঞান ও প্রডুক্তিক জাদুঘর, অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, পূর্ন সূর্যগ্রহণ জাতীয় কমিটি, অনসন্ধিৎসু চক্র বিজ্ঞান ক্লাব গ্রহণ পর্যবেক্ষণের আয়োজন করে। বছরে সাধারণ ২ থেকে ৫টি সূর্যগ্রহণ হয়ে থাকে। প্রকারভেদে চার ধরনের এটি হয়। আংশিক, পূর্ণ, বলয় ও হাইব্রিড গ্র্সা গ্রহণ। বাংলাদেশে ২০০৮ সালের ১ আগষ্ট সর্বশেষ সূর্যগ্রহণ দেখা গেছে। কোনও এলাকায় পূর্ণগ্রাস গ্রহণ হলে ৩৭০ বছর পর ওই এলাকায় আবার পূর্ণগ্রাস গ্রহণ হয়ে থাকে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৯ সালের ২২ জুলাই বাংলাদেশ থেকে দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রাস দেখা যাবে। পঞ্চগড় থেকে টানা চার মিনিট দেখা যাবে এ গ্রহণ। জাপানে এর স্থায়ীত্ব হবে সর্বোচ্চ ৭ মিনিট।" ২০০১ সাল থেকে ২১০০ পর্যন্ত মোট ২২৪টি সূর্যগ্রহণ হওয়ার কথা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাধারণত ৭ মিনিট ৩ সেকেন্ড স্থায়ী হয়। ১৯৭৩ সালে বড় ধরনের গ্রহণ হয়েছিল। বিমানে চড়ে বিজ্ঞানীরা ৭৪ মিনিট ধরে সেবার গ্রহণ পর্যবেক্ষণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/১৯৪১ ঘ.