ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহ্যবাহী অনুষ্ঠান ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশন ভারতের ৬০তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে।
সোমবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বারিধারায় সকালে এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী সেদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভারতীয় রাষ্ট্রপতির পাঠানো বার্তা পড়ে শোনান। অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত পাঁচ শতাধিক ভারতীয় নাগরিক এবং হাই কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবস উপলক্ষে ভারতীয় হাই কমিশনার সন্ধ্যায় রেডিসন হোটেল একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, রেডিসনের অনুষ্ঠানে বাংলাদেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শীর্ষ স্থানীয় ব্যবসায়ী এবং সংস্কৃতি, গণমাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রখ্যাত ব্যক্তিসহ এক হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকতে পারেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/এফএফ/এজে/জিএনএ/১৪১৮ ঘ.
bdnews24