ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার তার লাশ উদ্ধার করা হয়। পাবনা নির্বাচনের আগে হামলায় আহত একব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এছাড়া আরও কয়েকটি জেলায় হামলা-সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছে। পাবনা, নেত্রোকোনা ও রাজশাহীতে দোকানপাটে হামলা-ভাঙচুর হয়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এলাকা ত্যাগের আল্টিমেটাম দিয়েছেন একজন পরাজিত প্রার্থী।
গত বৃস্পতিবার উপজেলা নির্বাচনের দিন সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হন। পরের দিন ফরিদপুর ও নড়াইলে খুন দুজন। শনিবার কুষ্টিয়ায় এক বিএনপি কর্মীকে হাত-পায়ের রগ কেটে হত্যা করে আওয়ামী লীগ কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সীগঞ্জ: সিরাজদিখান উপজেলার চরবিশ্বনাথ গ্রামে এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। অরুণ সরকার (২২) নামের এই যুবকের ক্ষত বিক্ষত লাশ রোববার সকালে বাড়ির ৫০ মিটার দুরের জমি থেকে উদ্ধার করা হয়। অরুণের আত্মীয় বলরাম দাবি করেন, তিনি (অরুণ) উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই পরাজিত প্রার্থীর লোকজন তাকে হত্যা করে থাকতে পারে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পাবনা: গত ২০ জানুয়ারি আটঘরিয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের করিম উদ্দিনের ছেলে ও বিএনপি কর্মী নিজাম উদ্দিন আওয়ামী লীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিজাম শনিবার রাতে মারা গেছেন। এ ব্যাপারে আওয়ামী লীগ কর্মী বাছেদ, কামাল, আলতাব, খোকনসহ ১৫জনকে আসামি করে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার বাসুদেব বণিক।
তিনি আরও জানান, রোববার সকালে বেড়া উপজেলার করমজা গ্রামে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় ইউনিয়ন বিএনপি সভাপতি আমির আলী খান গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামে দুপুরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি গোলাম মোস্তফা, ছাত্রদল কর্মী আলী হোসেন, রবিউল ইসলাম ও ফারুক আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা শহরের কুঠিপাড়ায় শাহিন নামে এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। বেড়ায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী আজিজুল হক আরজু এবং বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় তিনটি দোকান ভাঙচুর করা হয়।
নেত্রকোনা: আটপাড়া উপজেলায় পরাজিত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলামের ছেলে মামুন ও গুড্ডু এবং তার সমর্থকরা রোববার আটপাড়া বাজারে বিভিন্ন দোকানপাটে হামলা চালায়। এ সময় তারা ডা. সুজিত সরকারের ওষুধের দোকান, বাবুলের যমুনা ষ্টোর ভাঙচুর করে। এছাড়া বাদল গোস্বামী রনি, সুমন দেবনাথ ও দুলালকে মারধর করে বলে জানিয়েছেন আটপাড়া থানার ওসি সাইফুর রহমান।
রাজশাহী: রোববার দুপুরে বাঘা উপজেলা বাসস্ট্যান্ড মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করেছে একদল সন্ত্রাসী। এছাড়া বাঘা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে তার কক্ষে তালা লাগিয়ে দেয় তারা। ওই শিক্ষকের মোবাইল ফোন সেট কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় সন্ত্রাসীরা। হামলাকারী ও আক্রান্ত সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থীর পক্ষে বিপক্ষে কাজ করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে। ১০/১২ জনের হামলাকারী দলটি পরে স্থানীয় জাহাঙ্গীর আলম রিপনকে পিটিয়ে জখম এবং তার দোকানে হামলা চালায় এবং লুটপাট করে। হামলায় দোকান কর্মচারী রাসেলও জখম হয়। তাদের হামলায় গৌতম নামের এক আওয়ামী লীগ কর্মী আহত হন। নারায়নপুর বাজারে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলীকেও লাঞ্ছিত করে তারা। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্তজা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ সুপার শাহাবুদ্দিন খান সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থীর লোকজনের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
বরগুনা: উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার পাশাকে সাত দিনের মধ্যে পাথরঘাটা ছেড়ে যাওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছেন বিএনপি সমর্থিত পরাজিত প্রার্থী মল্লিক মোহাম্মদ আইউব। রোববার বিকেলে পাথরঘাটা ঈদগাহ মাঠে বিক্ষোভ সমাবেশ করে তিনি এ আল্টিমেটাম দেন। পাথরঘাটা পৌর বিএনপির সভাপতি সাহাবুদ্দিন শাকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মল্লিক মোহাম্মদ আইউব বলেন, নির্বাচনের দিন তিনি ইউএনও'র কাছে ঘুটাবাছা কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ করেন। কিন্তু ইউএনও তার অভিযোগ আমলে না নিয়ে উল্টো তাকে তিরস্কার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আইউবের অভিযোগ অস্বীকার করে বলেন, ঘুটাবাছা কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাঠিয়ে ওই প্রার্থীর অভিযোগের সত্যতা পাননি।
গাইবান্ধা: ফুলছড়ি উপজেলার কালিরবাজারে নির্বাচন সংক্রান্ত একটি মামলার আসামি ধরার ঘটনাকে কেন্দ্র করে রোববার জনতা-পুলিশ সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ফুলছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে নির্বাচনের দিন মারধরের অভিযোগে দায়ের মামলার আসামি আল-আমিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে উপজেলা চত্বরে নিয়ে আসে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উপজেলা চত্বরে এসে বিক্ষোভ শুর করে। এক পর্যায়ে আল-আমিনের বাবা তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করলে জনতা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। এতে পুলিশ বাধা দিলে স্থানীয় জনতার সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। পুলিশ বেধড়ক লাঠিপেটা করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটায় ফুলছড়ি থানার তিনজন পুলিশ সদস্য, ভোরের কাগজের ফুলছড়ি সংবাদদাতা শাহ আলম যাদুসহ ১৩ জন আহত হন। এই ঘটনায় তোফায়েল, আল-আমিনসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে ফুলছড়ি থানায় মামলা হয়েছে বলে ওসি জানান। তিনি বলেন, নির্বাচনের দিন তোফায়েল ও তার ছেলে আল-আমিন পোলিং অফিসার ও আনসারদের মারপিট করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪১ ঘ.
bdnews24