২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য কল্পনাপ্রসূত: শিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে 'কল্পনাপ্রসূত' আখ্যায়িত করেছে জামায়াতে ইসলামি সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে 'কল্পনাপ্রসূত' আখ্যায়িত করেছে জামায়াতে ইসলামি সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। চবির আবাসিক হলগুলোতে জামায়াত শিবিরের সশস্ত্র কর্মীরা অবস্থান করছে- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলের কথিত এ মন্তব্য প্রসঙ্গে শিবির একথা বলেছে। রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চবি ইসলামী ছাত্র শিবির এ দাবি করে। চবি ক্যাম্পাসে উদ্ভুত পরিস্থিতি নিয়ে ছাত্রশিবির এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি জাকির হোসেন বলেন, "বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, চবির আবাসিক হলগুলোতে জামায়াত শিবিরের সশস্ত্র কর্মীরা অবস্থান করছে'। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মত দায়িত্বপূর্ণ পদে থেকে এ ধরনের বক্তব্য কল্পনাপ্রসূত।" বেশ কিছুদিন ধরে চবি-তে ইসলামী ছাত্র শিবিরের প্রাধান্য বিরাজ করছে। তাদের প্রতিরোধের মুখে অন্য ছাত্র সংগঠনগুলো সেখানে অনেকটাই কোণঠাসা। বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক অবস্থা পর্যবেক্ষণকারী কমিটি পরিবেশ পর্ষদকে ছাত্রশিবির দলীয় পর্ষদ আখ্যা দিয়েছে। তারা হলগুলোতে বর্তমান আসন বরাদ্দ প্রক্রিয়াও অযৌক্তিক বলে দাবি করে। শিবিরের নেতারা বলেন, পরিবেশ পর্ষদ নানা আজগুবি, সাধারণ ছাত্রদের স্বার্থবিরোধী , হঠকারি ও একপেশে সিদ্ধান্ত নিয়ে ছাত্রসমাজের স্বার্থরক্ষার চেয়ে একটি ছাত্র সংগঠনকে অযৌক্তিকভাবে প্রতিষ্ঠিত করার এবং সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে। অন্যান্যের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের চবি শাখার সাবেক সভাপতি আহমেদ শিহাব উল্লাহ, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ এবং মহানগর উত্তরের সভাপতি মো. কলিম উল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসকে/২২২৭ঘ.