ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিদের দলীয় মতাদর্শ ও চিন্তা-ভাবনার উর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার পরামর্শ দিলেন নবনিযুক্ত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
তিনি বলেন, গৃহায়ন মন্ত্রণালয় থাকার পরও দেশের অনেক মানুষ এখনো গৃহহীন। তাদের আবাসনের জন্য আমাদের কাজ করতে হবে। যদি একটি মানুষেরও আবাসনের ব্যবস্থা আমরা করতে পারি, তবেই আমার দায়িত্ব পালন সার্থক হবে।
দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথম তার কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সচিব এএসএম রাশিদুল হাই প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন এবং পরে কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
পরে কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, প্রশাসনের কর্মকর্তাদের মেধা, জ্ঞান ও দক্ষতাকে দেশের স্বার্থে কাজে লাগাতে হবে। প্রত্যেকেরই নিজস্ব মতাদর্শ থাকতে পারে। তবে এসবের উর্ধ্বে উঠে প্রশাসনিক দায়িত্ব পালন করা উচিৎ।
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আহ্বান করা পূর্বাচল ও উত্তরা প্রকল্পের জন্য প্লট বরাদ্দের আবেদনের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে আব্দুল মান্নান খান সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেও এ ব্যাপারে এখনো আমি তেমন কিছুই জানিনা। কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে জানতে পারবো। তারপরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোতে অতীতের নানা অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, এসব ব্যাপারে সাধারণ মানুষের মনে অনেক নেতিবাচক ধারণা রয়েছে। এসব দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সচিব ছাড়াও রাজউকের চেয়ারম্যান শফিকুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ আল শাফি, গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুল কাইয়ুম, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/এসকে/১৯৪০ঘ.
bdnews24