২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে মহাজোট মন্ত্রীদের পুনঃঅঙ্গীকার

যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আবারো অঙ্গীকার ব্যক্ত করেছেন মহাজোট সরকারের মন্ত্রীরা। দেশকে বাঁচানোর জন্য, ভবিষ্যত প্রজন্মকে বাঁচানোর জন্য যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে মন্তব্য করে তারা বলেছেন, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বর্তমান সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আবারো অঙ্গীকার ব্যক্ত করেছেন মহাজোট সরকারের মন্ত্রীরা। দেশকে বাঁচানোর জন্য, ভবিষ্যত প্রজন্মকে বাঁচানোর জন্য যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে মন্তব্য করে তারা বলেছেন, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বর্তমান সরকার। 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'-র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় এ অঙ্গীকারের কথা বলেন বেশ কয়েকজন মন্ত্রী ও সাংসদ। তারা সবাই নবম জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্তদের হারিয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। এ বিজয় অর্জনের জন্য শনিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এসব সাংসদ ও মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। শাহরিয়ার কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "মহাজোট নেত্রী শেখ হাসিনার অঙ্গীকার ছিল, যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। আমরা তাদের বিচার করব। এজন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা নেওয়া হবে। জনগণকেও এব্যাপারে সহায়তা করতে হবে।" পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। অঙ্গীকার অনুযায়ী এদের বিচারে বর্তমান সরকার যথাযথ ব্যবস্থা নেবে। কারণ দেশে যে বিচারহীনতার সংস্কৃতি চলছিল, তার অবসান হতে হবে।" এছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ,পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ, সদ্য নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রী মোঃ শামসুল হক টুকু, বিচারপতি গোলাম রাব্বানী, নারী নেত্রী আয়শা খানম, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী প্রায় অভিন্ন বক্তব্য দেন। শাহরিয়ার কবির বলেন, নতুন প্রজন্মকে যুদ্ধাপরাধীদের বিষয়ে সচেতন করে তোলা প্রয়োজন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে এদের সঠিক শিক্ষা দিতে হবে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বাতিল নয়, একে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তুলতে হবে। ফলে এরা কারও হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারবে না। সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, জনগণ বিপুল আশা আকাঙ্খা নিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে। তার মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। জনগণের সেই আশা পূরণ করতে হবে। এছাড়া তিনি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার আহবান জানান। সংবর্ধনা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র 'ওয়ার ক্রাইমস ৭১' প্রদর্শিত হয়। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠে নির্মূল কমিটি। ১৯৯৬ এর জাতীয় নির্বাচনে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর যে ভরাডুবি হয়েছিল তার পেছনে নির্মূল কমিটির সফল আন্দোলন বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/এসকে/২২৩২ঘ.