ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের কল্যাণ এবং মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য নিযুক্ত প্রতিমন্ত্রীরা।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন ছয় জন প্রতিমন্ত্রী যোগ হয়। সন্ধ্যায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তাদের শপথ পাঠ করান।
শপথগ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা যুদ্ধাপরাধী ও উগ্র মৌলবাদের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা ব্যক্ত করেন। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তারা।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে শামসুল হক টুকু বলেন, "মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যাব। যুদ্ধাপরাধীদের বিচার এবং উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে আমার কাজ অব্যাহত থাকবে।"
পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন শামসুল হক টুকু।
সবার সহযোগিতায় দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।
ঢাকা-২ আসনের সাংসদ অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "দুর্নীতি যাতে আমাকে স্পর্শ করতে না পারে এবং সন্ত্রাসের মদদদাতা হিসেবে যেন পরিচিত না হই- সেদিকে সার্বক্ষণিক দৃষ্টি রেখে সতর্কতার সঙ্গে যাবতীয় কাজ করবো।"
কামরুল ইসলাম ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
অ্যাডভোকেট আব্দুল মান্নান খান জনগণের পাশে থেকে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কথা জানান।
তিনি বলেন, "আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এবং জনগণের কাছে দলের পক্ষ থেকে যে প্রতিশ্র"তি দেওয়া হয়েছে তা বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।"
দলমত নির্বিশেষে স্বাধীনতার সপক্ষের সবার সহযোগিতায় প্রতিশ্র"তি বাস্তবায়নে সফলতা পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন আব্দুল মান্নান।
লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের সাংসদ মো. মোতাহার হোসেন বলেন, "মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাব।"
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও ঢাকা-১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানক বলেন, "বঙ্গবন্ধু হত্যার বিচারসহ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।"
মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ২৩ জন মন্ত্রী এবং আট জন প্রতিমন্ত্রীর সঙ্গে নতুন ৬ জন প্রতিমন্ত্রী যুক্ত হওয়ায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ এ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএল/এসকে/
bdnews24