কুষ্টিয়া, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জোয়ার্দ্দারপাড়া গ্রামে শনিবার সকালে রেজাউল হক (৩০) নামে বিএনপির এক কর্মীর হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।
আওয়ামী লীগ কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রত্যুষ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, জোয়ার্দ্দারপাড়া গ্রামের মৃত তাছিম মণ্ডলের ছেলে রেজাউলকে ওই গ্রামের মিন্টু নামের এক আওয়ামী লীগ কর্মী কয়েকদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ ছিল। আজ (শনিবার) সকালে রেজাউল বাড়ি থেকে রিফায়েতপুর বাজারের উদ্দেশ্যে বের হন। বাড়ির পাশে একটি আম বাগানে ওঁৎ পেতে থাকা মিন্টুর নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী রেজাউলের ওপর হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রেজাউলের হাত-পায়ের রগ কেটে দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর ৩ টার সময় রেজাউল মারা যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বলেন, আওয়ামী লীগ কর্মী মিন্টু ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা এলাকা ছেড়ে পালিয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৪ ঘ.
bdnews24