ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী ফোরাম নেতা শক্তিপদ ত্রিপুরাকে গ্রেপ্তারের পর শনিবার কারগারে পাঠানো হয়েছে। আগের রাতে তাকে রাজধানীর মিরপুরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার বিকেলে শক্তিপদকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। মহানগর হাকিম ফেরদৌস আরা তার জামিন আবেদন নাকচ করে দেন।
মিরপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান খান আদালতে পাঠানো প্রতিবেদনে বলেছেন, শক্তিপদ ত্রিপুরার বিরুদ্ধে খাগড়াছড়ির আদালতে একটি মুদ্রা পাচারের মামলা এবং খাগড়াছড়ি থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।
শুনানিতে শক্তিপদের আইনজীবীরা বলেন, ২০০৭ সালে শক্তিপদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক দুটি মিথ্যা মামলা করা হয়। নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি ওই মিথ্যা মামলায় আত্মসমর্পণের জন্য খাগড়াছড়ি যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/১৯৫২ ঘ.
bdnews24