২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি সংবিধান লংঘন করেছেন কিনা- তা সংসদই বিবেচনা করবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বিদায়ী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হয়ে সংবিধান লংঘন করেছিলেন কিনা- তা সংসদই বিবেচনা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 10:24 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বিদায়ী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হয়ে সংবিধান লংঘন করেছিলেন কিনা- তা সংসদই বিবেচনা করবে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত 'নবম জাতীয় সংসদঃ জনগণের প্রত্যাশা' শীর্ষক মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আইনমন্ত্রী এ মন্তব্য করেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যারিস্টার শফিক আহমেদ মত দিয়েছিলেন রাষ্ট্রপতির একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া সংবিধানের লংঘন। তত্ত্বাবধায়ক সরকার 'প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় অনেক অধ্যাদেশ করেছে' মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, যেহেতু নির্বাচন হয়ে গেছে তাই নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন করা হবে। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিদের হস্তক্ষেপ নিয়ে সরকার কোন ব্যবস্থা নেবে কিনা- এ প্রশ্নের জবাবে ব্যারিস্টার শফিক বলেন, "নির্বাচন কমিশন স্বাধীন। কমিশনের আইন রয়েছে। তবে আইনমন্ত্রী হিসেবে আইনের শাসন অটুট থাকার বিষয়টি দেখা হবে।" যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তিনি বলেন, "বিষয়টি সরকারি পর্যায়ে এখনো আলোচনায় আসেনি। তবে এ বিষয়ে সরকার সক্রিয়। আইনও রয়েছে। আইন অনুযায়ী বিচার হতে পারে।" তত্ত্বাবধায়ক সরকারের ২৩ মাস ক্ষমতায় থাকা এবং ৯০ দিনের অনেক পরে নির্বাচন করার বৈধতা দেওয়া হবে কিনা, জানতে চাইলে ব্যারিস্টার শফিক বলেন, "এ বিষয়ে হাইকোর্ট এক রায়ে বলেছে, ৯০ দিনের মধ্যে নির্বাচন না হলেও এর পরে নির্বাচনে কোন বাধা নেই। হাইকোর্ট ৯০ দিনের মধ্যে নির্বাচন না হওয়া নিয়ে সরকারের ব্যাখ্যাও গ্রহণ করেছে। তাই এখন আর বৈধতার প্রশ্ন উঠছে না।" উচ্চ আদালতে মামলাজট ও বিচারক সঙ্কট নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ কমানোর জন্য দ্রুত সৎ ও যোগ্য বিচারক নিয়োগ করা হবে। নিম্ন আদালতের সঠিক ব্যবস্থাপনার জন্য শিগগির সুপ্রিম কোর্টে একটি পৃথক সচিবালয় করা হবে।" ডিআরইউ সভাপতি শামীম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক পথিক সাহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/এসকে/১৬২৪ঘ.