২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে নিহতের ঘটনায় নাসিরনগর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নির্বাচনের দিন সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহসানুল হক বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 05:43 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনের দিন সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহসানুল হক বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। শুক্রবার দুপুরে নাসিরনগর থানায় মামলাটি করেন নিহত অলি মিয়ার বাবা আবুল কালাম। সংঘর্ষে আহত অলিকে ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। মামলায় গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হান্নানসহ আরও আটজনকে আসামি করা হয়েছে। আহসানুল হক এখন পলাতক রয়েছেন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কান্তি দাসগুপ্ত জানান, নির্বাচনের রাতে স্থানীয় আওয়ামী লীগ কর্মী অলি মিয়া নিহত হওয়ার ঘটনায় শুক্রবার দুপুরে তার বাবা একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সমর্থিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহসানুল হকসহ নয়জনকে আসামি করা হয়েছে। আহসানুল হক নির্দেশে অলি মিয়াকে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। মামলার হওয়ার পর থেকে চেয়ারম্যান আহসানুল হক পলাতক রয়েছেন বলেও জানান পুলিশ কর্র্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৪৩ ঘ.