২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সেনা সদস্যদের লাঠিপেটায় আহত অর্ধশত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে সেনা সদস্যদের লাঠিপেটায় প্রায় ৫০ জন আহত হয়েছেন। মধ্যরাতে উপজেলা নির্বাচনের ফলাফল জানার জন্য উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া লোকজনকে কোন কারণ ছাড়াই লাঠিপেটা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 05:38 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

গাইবান্ধা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে সেনা সদস্যদের লাঠিপেটায় প্রায় ৫০ জন আহত হয়েছেন। মধ্যরাতে উপজেলা নির্বাচনের ফলাফল জানার জন্য উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া লোকজনকে কোন কারণ ছাড়াই লাঠিপেটা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে সেনাবাহিনী লাঠিপেটার বিষয়টি অস্বীকার করে বলেছে, লোকজন সেনা সদস্যদের দেখে দৌড়াদৌড়ি শুরু করলে হুড়োহুড়িতে কয়েকজন আহত হয়েছেন। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াহেদ লাঠিপেটার বিষয়টি সরাসরি স্বীকার না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেনাবাহিনীর টহল গাড়ি উপজেলা পরিষদের সামনে আসতে দেখে ওই স্থানে জড়ো হওয়া লোকজন কিছু না বুঝে দৌড়াদৌড়ি শুরু করলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে নয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সৈয়দ আলী (২৫) ও সাদেকুলকে (১৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবেদ আলী (৪০), সেলিম (২২), জহুরুল (৪৫), খসরু (৩৪), হারুন (২৫), ইয়াকুব (৫৫) ও সৈকতকে (২৫) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া আহতরা সাংবাদিকদের জানান, সেনা সদস্যরা লোকজনকে নির্বিচারে লাঠিপেটা করেছে। কিছু বুঝে ওঠার আগেই অনেকে বেদম পিটুনির শিকার হন। প্রত্যক্ষদর্শী হোটেল কর্মী অমল ও সাদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশচন্দ্র জানান, উপজেলা পরিষদের হলরুমে স্থাপিত নির্বাচন নিয়ন্ত্রণকক্ষ থেকে ফলাফল জানার জন্য লোকজন পরিষদের সামনের চত্বরে জড়ো হয়। রাত প্রায় ২টার দিকে সেনাবাহিনীর দুটি গাড়ি এসে সেখানে থামে এবং অতর্কিতে লোকজনকে এলোপাথাড়ি লাঠিপেটা করতে শুরু করে। সাদুল্লাপুর অস্থায়ী সেনা ক্যাম্পের কর্মকর্তা লেফটেন্যান্ট ইমরান বলেন, "আমরা লাঠিচার্জ করিনি। লোকজন আমাদের দেখে দৌড়াদৌড়ি শুরু করে। এতে দেয়াল, খুঁটিসহ বিভিন্ন স্থানে ধাক্কা লেগে কয়েকজন আহত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩১ ঘ.