২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে সরকারি দলের প্রস্তাবমতো বসতে চায়না বিএনপি

সংসদে স্পিকারের ডান দিকে সরকারি দল ও বাঁ দিকে বিরোধী দলের আসন নির্ধারিত- সংসদের এ প্রচলিত রীতির বাইরে কোনো কিছুই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংসদে স্পিকারের ডান দিকে সরকারি দল ও বাঁ দিকে বিরোধী দলের আসন নির্ধারিত- সংসদের এ প্রচলিত রীতির বাইরে কোনো কিছুই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী। সাকা চৌধুরী নামে সমধিক পরিচিত এ অভিজ্ঞ সাংসদ শুক্রবার তার ধানমণ্ডির বাসায় সাংবাদিকদের বলেন,''স্পিকারের বাঁ পাশে বিরোধী দল ও ডান পাশে বিরোধী দলের সদস্যরা বসেন। কিন্তু সরকারি দলের একজন হুইপ যে ডিজিটাল প্রস্তাব দিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। এরকম কিছু হলে ২৫ জানুয়ারি সংসদে অন্য চিত্র দেখবেন।" সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক এ উপদেষ্টা বলেন,"এমন পরিস্থিতি হলে আমরা যে সংসদে কার্যকর ভূমিকা রাখতে বাধাগ্রস্ত হচ্ছি, তা জনগণের কাছে তুলে ধরব।'' তিনি মন্তব্য করেন, বিরোধী দলের জন্য স্পিকারের বাঁয়ে যে আসন রয়েছে, তার পরিবর্তন করা হলে এটা হবে 'ডিজিটাল কারচুপির মতোই ডিজিটাল সংসদ'। বিজয়ী দল সরকারি দলের আসনে থাকতে চায় মন্তব্য করে সাকা চৌধুরী বলেন, "আওয়ামী লীগ কেন এত তাড়াতাড়ি বিরোধী দলের আসনে বসতে চায়-তা আমার কাছে বোধগম্য নয়।'' সরকারী দল থেকে প্রস্তাব করা হয়েছে, সংসদের প্রথম সারিতে ২৯টি নির্ধারিত আসনে সংখ্যানুপাতে বিরোধী দলের জন্য আসন নির্ধারিত থাকবে। এ প্রস্তাব অনুযায়ী সংসদের প্রথম সারিতে তিনটি আসন পাবে বিএনপি। তবে বিএনপি সংসদ বর্জন ও বয়কট করবে না আবারো এ ইঙ্গিত দিয়েছেন দলের অন্যতম প্রভাবশালী এ নেতা। "অতীতে আওয়ামী লীগ প্রত্যাখ্যানের যে সংস্কৃতি চালু করেছে, আমরা তা অনুসরণ করব না। সংসদে যোগ দিয়ে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, তাদের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করব। জনগণের কাছে নির্বাচনের আগে তারা (সরকারি দল) যেসব প্রতিশ্র"তি করেছে, তা বাস্তবায়নে আমরা সহযোগিতা করতে চাই", বলেন তিনি। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি এবং সরকারের মন্ত্রী ও সাংসদদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ''২৯ ডিসেম্বর ডিজিটাল নির্বাচন হয়েছে। এবার এনালগ নির্বাচন দেখলাম। সংসদ নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল ধানের শীষের প্রতীকে গণনায় বেরিয়ে এসেছে নৌকা হয়ে।" সেই 'ডিজিটাল চমক' দেখে এবার উপজেলা নির্বাচনে ভোটাররা হতাশাগ্রস্ত বলেই ২৯ ডিসেম্বরের মতো ভোট কেন্দ্রে যায়নি বলে দাবি করেন সাকা চৌধুরী। দুইটি ভোটার তালিকা দিয়ে নির্বাচন হয়েছে মন্তব্য করে তিনি নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। সাকা বলেন, ''সংবিধানের ১২১ ধারায় একটি ভোটার তালিকা থাকার বাধ্যবাধকতা থাকলেও এই কমিশন তা মেনে চলেনি। তারা নিজেদের শপথ ভঙ্গ করেছে। তাদের লজ্জা ও বিবেক থাকলে পদ থেকে সরে যাওয়া উচিৎ।'' এছাড়া সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে সাংবিধানিক পদগুলো পুরণের জন্য সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এসকে/১৯৩৮ঘ.