ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় রেল ভবনে চুরির ঘটনা উদঘাটনের দাবি করে মহানগর গোয়েন্দা পুলিশ বলেছে, বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তারকৃত জনৈক মো. এনামুল হক খোকনসহ সাতজন এই চুরির ঘটনায় অংশ নেয়।
চুরি করার সময় তারা ১০টি ক্রু ড্রাইভার ও একটি শাবল ব্যবহার করে বলেও জানিয়েছে পুলিশ।
রেলভবনে চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রীর প্রকাশ্য নির্দেশের একদিনের মাথায় গোয়েন্দা পুলিশ মো. এনামুল হক খোকনকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে খোকনকে সাংবাদিকদের সামনে হাজির করলে ধৃত ওই ব্যক্তি জানায়, তিনি সাভার ইপিজেড এলাকার একটি কারখানার মাইক্রাবাসের চুক্তিভিত্তিক চালক ছিলেন। বর্তমানে তিনি একটি ভাড়া গাড়ী চালান।
পুলিশের সামনে তিনি বলেন, কিছুদিন আগে রেল ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় চুরির পরিকল্পনা আসে তার মাথায়।
খোকন বলেন, "ঘটনার রাত ১২ টার দিকে রেন্ট-এ-কার থেকে একটি মাইক্রোবাস নিয়ে সহযোগী মিলন, হালিম, নূর ইসলাম, আরিফ, বাছার ও শাজাহানকে নিয়ে রেল ভবনের সামনের রাস্তায় আসি। এখানে মাইক্রোবাসটি রেখে ভবনের পশ্চিম দিকের সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়ি। ভবনের পশ্চিম দিকের দেয়ালে একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ওপর দাঁড়িয়ে জানালার কাঁচের পাল্লা ধরে টান দিলে খুলে যায়। এরপর দোতালায় গিয়ে স্ক্রু ড্রাইভার ও শাবল দিয়ে কক্ষের তালাগুলো ভাঙ্গি।
"ভোর রাত ৪ টার দিকে বের হয়ে পল্টনের গ্রীন হাউস নামে একটি হোটেলে মিলিত হই। এরপর টাকা ভাগবাটোয়ারা করে যে যার মতো চলে যাই।"
খোকন জানায়, তার ভাগে পড়েছিল ১১ হাজার টাকা। আর পঞ্চম তলা থেকে নেওয়া ল্যাপটপটি মিলন নেন।
ধৃত খোকন কথা বলার সময় সেখানে উপস্থিত মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "এই ঘটনায় কেউ প্রভাব খাটায়নি। তদন্ত করেই চুরির ঘটনা উদঘাটন করা হয়েছে।"
তারা শুধু চুরির জন্যই রেল ভবনে গিয়েছিল বলে ডিএমপি কমিশনার দাবি করেন।
তিনি জানান, খোকনের দেওয়া তথ্য অনুযায়ী তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে এবং নারায়ণগঞ্জে ইতিমধ্যে অভিযান চালিয়েছে। তবে কাউকে পাওয়া যায়নি।
গত ১৮ জানুয়ারি দিবাগত রাতে রেল ভবনে চুরির ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/২২৪৮ ঘ.
bdnews24