২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকভাবে ৪৫টি অধ্যাদেশকে আইন করার সুপারিশ

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সময়ের ১১৭টি অধ্যাদেশের মধ্যে প্রাথমিকভাবে ৪৫টিকে আইনে পরিণত করার সুপারিশ করেছে যাচাই কমিটি। তিনি জানান, অবশিষ্ট অধ্যাদেশগুলোর মধ্যে সংসদে আলোচনা করে যেগুলো 'প্রয়োজন হবে' সেগুলো বিল আকারে আনা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সময়ের ১১৭টি অধ্যাদেশের মধ্যে প্রাথমিকভাবে ৪৫টিকে আইনে পরিণত করার সুপারিশ করেছে যাচাই কমিটি। তিনি জানান, অবশিষ্ট অধ্যাদেশগুলোর মধ্যে সংসদে আলোচনা করে যেগুলো 'প্রয়োজন হবে' সেগুলো বিল আকারে আনা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদে পাস না হলে বাকি বিলগুলো এমনিতেই বাতিল হয়ে যাবে। আইনমন্ত্রী তার মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ এসব কথা বলেন। শফিক আহমেদ বলেন, "২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে সবগুলো অধ্যাদেশ উপস্থাপন করা হবে।" তিনি জানান, ৪৫টি অধ্যাদেশকে বিল আকারে উপস্থাপন করার জন্য সুপারিশ করেছে যাচাই-বাছাই কমিটি। মন্ত্রী বলেন, "অধ্যাদেশগুলোকে তিনভাগে ভাগ করা হয়েছে। যেগুলো খুব বেশি প্রয়োজন এ ধরনের ৪৫টি অধ্যাদেশই বিল আকারে উপস্থাপন করা হবে। বাকি দুই শ্রেণীর মধ্যে একটি অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা হবে আর যেগুলোর প্রয়োজন নেই সেগুলো বাতিল হয়ে যাবে।" তবে পরের দুই শ্রেণীতে কোনটিতে কতোগুলো অধ্যাদেশ রয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি। আইনমন্ত্রী জানান, সাবেক ট্রুথ কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা তার সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি বলেন, "ট্রুথ কমিশন অধ্যাদেশ সুপ্রিম কোর্টে বিবেচনাধীন রয়েছে বলে আবেদনকারী ৪শ' ৫২ জন ক্ষমা পাবেন কিনা তা নিশ্চিত নয়। মন্ত্রী বলেন, "বিচারাধীন বিষয়ে কথা বলা ঠিক নয়।" অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অ্যাটর্নি জেনারেল অফিসেও পরিবর্তন হয়ে থাকে। আমাদের সরকারও নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে। " 'অন্যান্য সরকারের মতো' অ্যাটর্নি জেনারেল অফিসের ঢালাও পরিবর্তন তারা না-ও করতে পারেন এ মন্তব্য করে মন্ত্রী বলেন, "বর্তমানে যারা এই অফিসে দায়িত্ব পালন করছেন তাদের সততা ও দক্ষতার বিষয়টি মূল্যায়ন করা হবে। সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তারা যথাযথভাবে মোকাবেলা করতে পারেন কী না এ বিষয়টি দেখা হবে।..অ্যাটর্র্নি জেনারেল অফিসে যেসব পদে নতুন নিয়োগ দেওয়া হবে তা যোগ্যতার ভিত্তিতেই হবে।" পলাতক সাজাপ্রাপ্ত অনেকেরই দেশে ফিরে উচ্চ আদালতের আশ্রয় নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, " বিচারপতিরা স্বাধীনভাবে তাদের নিজস্ব ব্যাখ্যা বিবেচনায় যদি মনে করেন কাউকে জামিন বা সাজা দেওয়া যায় তারা সেই নির্দেশই দিচ্ছেন। এেেক্ষত্রে আমাদের কোনও প্রতিক্রিয়া নেই। বিচারপতিদের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে।" আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এর প্রক্রিয়া চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/জিএমএ/এসকে/১৬৩৯ঘ.