চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চট্টগ্রাম জেলার সর্বত্র মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। তবে রাঙ্গুনিয়া উপজেলায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পাওয়া গেছে। জানাচ্ছেন মিন্টু চৌধুরী
রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা যায় ,চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহম্মেদ হাসনাত এর সমর্থকরা প্রিজাইডিং অফিসারের জ্ঞাতসারে ভোট বুথে ঢুকে চেয়ার মার্কায় ভোট দিতে বলছে।
হাসনাত বিএনপি'র সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত প্রার্থী।
এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কাশেম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি অসহায়ত্ব প্রকাশ করে বলেন "কিছু করার নেই।"
উত্তর রাঙ্গুনিয়ার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে এ ধরণের অভিযোগ পাওয়া গেছে।
দুপুর আড়াইটার দিকে রাউজানের উড়কিরচর মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীন এহসানুল হায়দার চৌধুরী বাবুলের গাড়ি ভাঙচুর করেছে অপর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনা কোন মামলা হয়নি বলে তিনি জানান।
রাউজান, রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলায় সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে তা ধীরে ধীরে বাড়তে থাকে।
বলা হচ্ছে সংসদ নির্বাচনের পর পর আবার একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে আগ্রহ কম।
এছাড়া এলাকাবাসীর ধারণা, মেট্রোপলিটন এলাকায় সরকার ছুটি ঘোষণা না করায় সেখানে বসবাসরত ভোটাররা ভোট দিতে আসতে পারেনি।
উত্তর রাঙ্গুনিয়া রফিকাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার হচ্ছে ২৫১৪। সাড়ে ১০ টা পর্যন্ত পড়ে ১০০ ভোট। উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ২৫০৫ এবং সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ভোট ৫১০টি পড়েছে ।
রাউজানের উত্তর দেওয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩৪৭৮। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত সেখানে এক হাজার ভোট পড়েছে।
বোয়ালখালী উপজেলার পূর্ব আমুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার ৭১৮ জন। সোয়া দুইটা পর্যন্ত মোট ৩৯৮টি ভোট পড়েছে।
রাউজানের ভোটার আব্দুল হাকিম বলেন, "এখন জাল ভোট হওয়ার আশঙ্কা না থাকায় ভোটাররা তাদের কাজ সেরে ধীরে সুস্থে ভোট দিতে আসছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসকে/১৫১২ঘ.
bdnews24