ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উপজেলা নির্বাচনে 'স্পষ্ট দলীয় প্রভাব' দেখা যাচ্ছে মন্তব্য করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর ভোট কেন্দ্র পরিদর্শন শেষে কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, 'কিছু কিছু জায়গায় গোলযোগের খবর পাওয়া যাচ্ছে। এসব জায়গায় দলীয় প্রভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। যেভাবে চলছে গোলযোগ আরো বাড়তে পারে'।
তিনি বলেন, " এভাবে চলতে পারেনা। আর এভাবে হলে দলীয়ভাবে প্রতীক নিয়ে নির্বাচন হওয়া উচিত। এ ব্যাপারে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে হবে।"
এদিকে দুপুর প্রায় বারোটায় আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাতের পর আরেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।
ছহুল হোসাইন এসময় বলেন, 'উপজেলা নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা বা অশুভ সংবাদ পাওয়া যায়নি। আশা করছি শান্তিপূর্ণভাবেই সারাদিন নির্বাচন গ্রহণ করা সম্ভব হবে'।
তিনি আশা প্রকাশ করে বলেন, উপজেলা নির্বাচনের পরেই মেয়াদোত্তীর্ণ এবং আশু প্রয়োজন এ ধরণের পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। সৌজন্য সাক্ষাতের ব্যাপারে আইনমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমকে/জেএফ/এসকে/১৪৪৪ঘ.
bdnews24