২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ভোটারদের টাকা দেওয়ার সময় পাঁচজন গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার তারাগঞ্জের আলীমপুর সালিবাড়ী এবং হাড়িয়াল কুঠি এলাকায় পৃথক দু'টি অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রুহুল আমিন সরকার, আব্দুস সালাম, আব্দুল কাদের, শাহাজাহান ও ধীমান চন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

রংপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের তারাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার তারাগঞ্জের আলীমপুর সালিবাড়ী এবং হাড়িয়াল কুঠি এলাকায় পৃথক দু'টি অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রুহুল আমিন সরকার, আব্দুস সালাম, আব্দুল কাদের, শাহাজাহান ও ধীমান চন্দ্র। এরা এক চেয়ারম্যান ও এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন বলে পুলিশ জানিয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সামসুল কাদেরের লোকজন আলীমপুর সালিবাড়ী এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে যৌথবাহিনী রুহুল আমিন সরকার ও আব্দুস সালামকে আটক করে। তাদের কাছ থেকে ৭২ হাজার ৬০ টাকা উদ্ধার এবং একটি মটর সাইকেল জব্দ করা হয়। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবিনা ইয়াসমিনের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় হাড়িয়াল কুঠি এলাকা থেকে আব্দুল কাদের, শাহাজাহান ও ধীমান চন্দ্রকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আট হাজার ৫৫০ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৬ ঘ.