চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে চিটাগাং ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন (কাফেক্সপো'২০০৯) মেলা শুক্রবার শুরু হচ্ছে। তিনদিনব্যাপী এ মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।
মেলায় দেশি-বিদেশি ৩১টি প্রতিষ্ঠানের ৪২টি স্টল থাকবে। এসব স্টলে তৈরি পোশাক ছাড়াও পোশাক শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি প্রদর্শন করা হবে।
নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশনে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত এ মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। রোববার মেলার সমাপনী অনুষ্ঠানে বিএনপির সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ প্রধান অতিথি এবং আবদুল্লাহ আল নোমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
বুধবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি এম এ সালাম জানান, মেলাকে প্রাণবন্ত করতে এবং পরিবর্তনশীল ফ্যাশন ও ডিজাইন সম্পর্কে ধারণা দিতে প্রতিদিন মেলা প্রাঙ্গণে 'ফ্যাশন শো'র আয়োজন থাকবে।
কাফেক্সপো মেলা দেশি-বিদেশি আমদানিকারক ও রপ্তানিকারকদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন বিজিএমইএ নেতা।
তিনি বলেন, "বর্তমানে বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে পোশাক শিল্পে কিছুটা সংকট তৈরি হলেও তা কেটে যাবে। দাম পড়ে গেলেও বাংলাদেশের পোশাক কারখানার মালিকরা বাজার ধরে রাখার ক্ষেত্রে চেষ্টা অব্যাহত রাখবে।"
দেশের তৈরি পোশাকের মোট ৪০ শতাংশ চট্টগ্রামের পোশাক কারখানায় উৎপাদিত হয়- এ কথা উল্লেখ করে সালাম বলেন, "বর্তমানে বস্ত্র ও পোশাক মিলে বিশ্বে ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারের বাজার আছে। এ বিশাল বাজারে বাংলাদেশের মোট রপ্তানির অংশ মাত্র ২ শতাংশ।"
পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি বাড়ানোর জন্য সরকারসহ সব মহলের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কাফেক্সপো'০৯ এর প্রধান সমন্বয়কারী দেলোয়ার মজুমদার, বিজিএমইএ'র সাবেক প্রথম সহ-সভাপতি খলিলুর রহমান, পরিচালক মাহবুব চৌধুরী, ফেরদৌস আহমেদ, আবদুল মান্নান রানা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24