২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রলার ডুবি: বাকি দুই শ্রমিকের খোঁজ মেলেনি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দশানী লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারের বাকি দুই শ্রমিকের খোঁজ এখনও পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

চাঁদপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দশানী লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারের বাকি দুই শ্রমিকের খোঁজ এখনও পাওয়া যায়নি। এ দুজন হলেন- পাবনার চাটমোহর উপজেলার ছাইখোলা ইউনিয়নের ফজলুল হকের ছেলে রবিউল হক (৪০) ও মৃত ইমান আলীর ছেলে আব্দুল কাদের (৩৮)। রোববার রাতে ডুবে যাওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে সাব্বির-১ ট্রলার থেকে ২২ জনের লাশ উদ্ধার করেন ডুবুরীরা। নিখোঁজ দুজনকে উদ্ধারে বুধবার দিনভর অভিযান চালানো হয়। কিন্তু তাদের কোন খোঁজ মেলেনি। এ অবস্থায় উদ্ধার অভিযান পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। চাঁদপুরের আলু বাজার এলাকা থেকে মাটি নিয়ে মুন্সীগঞ্জের জাজিরা এলাকায় যাওয়ার সময় ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। ট্রলারের ৫০ শ্রমিকের মধ্যে ২৬ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। মঙ্গলবার উদ্ধার করা হয় ২২ জনের লাশ। এদের সবার বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামে। দুর্ঘটনা তদন্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) একজন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একজন এবং সমুদ্র পরিবহনের একজন প্রতিনিধি নিয়ে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন। বিআইডব্লিউটিএ'র সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কমিটি বলেন, কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুজন শ্রমিক নিখোঁজ বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাবনা থেকে আসা রবিউলের ভাই মইনুল ও কাদেরের ভাই আরশাদ অনুরোধে ডুবুরীরা আজ দিনভর অভিযান জানান। তারা নিজেরাও বিভিন্ন স্থানে খুঁজেছেন। কিন্তু দুই শ্রমিকের কোন খোঁজ পাওয়া যায়নি। তিনি জানান, উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভাইদের খোঁজ না পেয়ে মইনুল ও কাদের পাবনা ফিরে গেছেন বলেও তিনি জানান। ট্রলারটি উদ্ধারের ব্যাপারে মোহনপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, ট্রলার মালিক সুরুজ্জামান তাদের বলেছেন- নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ব্যক্তিগতভাবে তিনি এটি উদ্ধারের চেষ্টা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.