২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে টাকা নেওয়ায় সিপাই আটক

প্রতারণা করে প্রবাসীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মঙ্গলবার শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের এক সিপাইকে আটক করা হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সদস্যরা তাকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 07:07 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রতারণা করে প্রবাসীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মঙ্গলবার শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের এক সিপাইকে আটক করা হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সদস্যরা তাকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করে। গ্রেপ্তারকৃত সেপাই রফিকুল ইসলাম বিমানবন্দরে দায়িত্ব পালন করতেন। তার সহযোগী সিভিল এভিয়েশন শাখার কর্মচারী জহির প্রতারণার টাকা নিয়ে পলাতক রয়েছেন। ঘটনার শিকার সিঙ্গাপুর প্রবাসী শ্রমিক মোঃ সেলিম বাদী হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেছেন। বিমানবন্দর থানার সহ-পরিদর্শক মোর্শেদ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিঙ্গাপুর প্রবাসী শ্রমিক সেলিম সিঙ্গাপুর থেকে বিজি ০৮৫ ফ্লাইটে করে মঙ্গলবার সকালে ঢাকায় আসেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস চেকিং এর সময় তার কাছে ১০৭ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণ আনা বৈধ হলেও শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সিপাই রফিকুল ইসলাম তা অবৈধ বলে দাবি করেন ও স্বর্ণখণ্ডটি নিয়ে নিজের পকেটে ভরে রাখেন। প্রবাসী সেলিমের অভিযোগ, রফিকুল তাকে জেলে পাঠানোর হুমকিও দেন। এর কিছুক্ষণ পরে সিভিল এভিয়েশনের কর্মচারী জহির মিটমাট করে দেওয়ার কথা বলে তার কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। সেলিম টাকা দিলে তারা স্বর্ণখণ্ডটি দিয়ে দেন। সহ-পরিদর্শক মোর্শেদ জামান বলেন, বিষয়টি এক পর্যায়ে কতর্ব্যরত ডিজিএফআই কর্মকর্তাদের নজরে পড়ে। তারা সিপাই রফিকুল ও সেলিমকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। মামলা দায়েরের পরে রাতেই রফিকুলকে থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জহিরকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/০১০২ঘ.