ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে মঙ্গলবার বিকালে মহাখালীতে ৯টি দোকান পুড়ে গেছে। কেউ হতাহত না হলেও এতে ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ ও দমকল বিভাগ।
মহাখালী ওয়ারলেস রেলগেটের কাছে এ অগ্নিকাণ্ড ঘটে।
দমকল ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কমকর্তা নাসরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিকাল সাড়ে তিনটায় একটি লেপ তোষকের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
দ্রুত আগুন আশেপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তেজগাঁও, বারিধারা ও কুর্মিটোলার সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। বিকাল পাঁচটা নাগাদ আগুন আয়ত্বে আনা সম্ভব হয়।
গুলশান থানার অপারেশনস অফিসার ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আগুনে মোট ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ভস্মীভূত ৯টি দোকানের মধ্যে ৪টি লেপ তোষকের দোকান, ১টি হোমিও প্যাথ ওষুধের দোকান, ২টি প্রিন্টিং প্রেস, ১টি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও ১টি কম্পিউটারের দোকান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/০০৪৬ঘ.
bdnews24