২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত প্রধান নির্বাহীর জামিন

বিজয় টিভি দুর্নীতি মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত প্রধান নির্বাহী মো. ইমতিয়াজ হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি মো. এমদাদুল হকের বেঞ্চ ইমতিয়াজের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 06:14 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিজয় টিভি দুর্নীতি মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত প্রধান নির্বাহী মো. ইমতিয়াজ হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি মো. এমদাদুল হকের বেঞ্চ ইমতিয়াজের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। গত বছর ৩০ সেপ্টেম্বর এ মামলায় মেয়র মহিউদ্দিনকে জামিন দিয়েছিল হাইকোর্ট। বিজয় টিভি দুর্নীতি মামলার কার্যক্রম গত ১৭ জানুয়ারি প্রথম স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট। পরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে। কিন্তু গত ৩০ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ আবার মামলাটির কার্যক্রম স্থগিত করে দেয়। ২০০৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় টিভির প্রচার শুরু হয়। সরকার গতবছর ৮ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বিজয় টিভির প্রচার বন্ধ করে দেয়। বিজয় টিভি মামলায় অভিযোগ করা হয়, সরকারের অনুমতি ও কোনো দরপত্র ছাড়াই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা তুলে মেয়র মহিউদ্দিন বিজয় টিভির প্রচার শুরু করেন। এই অভিযোগে ২০০৭ সালের ২৭ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) মেয়র মহিউদ্দিন ও ইমতিয়াজ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করে। ইমতিয়াজ হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট হাসান ফয়েজ সিদ্দিকী। তাকে সহায়তা করে ব্যারিস্টার আশরাফ আলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এসকে/০০০৮ঘ.