ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুবিনা আসাফ পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বরাবরে লেখা পদত্যাপত্রটি তিনি মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি 'ব্যক্তিগত' কারণের কথা উল্লেখ করেছেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মুবিনা আসাফ সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল (এজি) মাহবুবে আলম সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি তার দপ্তরের কর্মকর্তাদের পদত্যাগপত্র তৈরি রাখতে বলেছেন। এজি তখন বলেন সরকারকে যেন তাদের 'অপসারণ না করতে হয়' সেজন্যই তিনি ওই পরামর্শ দেন।
সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অ্যাটর্নি জেনারেল অফিসের আইন কর্মকর্তা পরিবর্তন একটি রেওয়াজ।
এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমদের পদত্যাগের পর ১৩ জানুয়ারি নতুন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেন মাহবুবে আলম।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার অনেক আইন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য নিয়ে এলেও অ্যাটর্নি জেনারেলের পরামর্শে তারা শেষ পর্যন্ত তা জমা দেননি।
অ্যাটর্নি জেনারেল অফিসে বর্তমানে একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, বিশজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ষাটজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন।
অ্যাটর্নি জেনারেল অফিস সূত্রে জানা গেছে, নতুন শতাধিক আইন কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০২৭ঘ.
bdnews24