ফরিদপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের মধুখালী উপজেলায় মঙ্গলবার এক বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। সকাল আটটার দিকে ফরিদপুর-বোয়ালমারী আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন।
নিহতরা হচ্ছেন- বোয়ালমারীর খরসূতি গ্রামের রুবেল হোসেন (২০), জয় নগরের অমর সাহা (৪০), সোতাশী গ্রামের সুফিয়া বেগম (২০) ও আলফাডাঙ্গা উপজেলার নাটুরিয়া গ্রামের সেলিনা বেগম (২৮)।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাফিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলফাডাঙ্গা থেকে ফরিদপুরগামী লোকাল রুটের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-চ-৯৬২৭) নিয়ন্ত্রণ হারিয়ে জাঁহাপুর সেতুর রেলিং ভেঙ্গে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।"
তিনি বলেন, "খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তারা নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন এবং আহতদের হাসপাতালে পাঠিয়ে দেন।"
তিনি জানান, বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৪৭ ঘ.
bdnews24