ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গরিব মানুষের জন্য রেশন পদ্ধতি চালু করার চিন্তা করছে সরকার।
বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ন মঙ্গলবার সকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের একথা জানান তিনি।
খাদ্য মন্ত্রী জানান, বর্তমানে ভিজিডি কার্ড এর মাধ্যমে ৫৪ হাজার পরিবারক সহায়তা দেওয়া হচ্ছে। সরকার এ সংখ্যা আরও ৫০ শাতংশ বাড়িয়ে প্রায় ৮১ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, "গরিব মানুষের জন্য রেশন পদ্ধতি চালু করার চিন্তা করছে সরকার। এ ব্যাপারে সরকারের ঘনিষ্ঠ অর্থনীতিবিদ ও পেশাজীবীদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।"
তিনি জানান, সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী টিসিবিকে কার্যকর ও শক্তিশালী করার জন্য নির্দেশ দিয়েছেন। যাতে ব্যবসায়ীরা ভোক্তাদের নিয়ন্ত্রণ করতে না পারে; বাজারে সরকারের নিয়ন্ত্রণ থাকে। সরকার চাল, ডাল, আটা ও তেলের মতো খুব প্রয়োজনীয় পণ্যগুলো আমদানি করে তা বাজারে ছাড়বে।
তিনি বলেন, "মুক্তবাজার অথনীতি চালু থাকলেও বাংলাদেশের মতো দেশের প্রেক্ষাপটে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা থাকা উচিত।
"এ কারণে প্রধানমন্ত্রী টিসিবিকে আরও শক্তিশালী করে খাদ্যসহ গুরুত্বপূর্ণ নিত্যপণ্য আমদানি করে বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। টিসিবির মাধ্যমে চাল ডাল আটা ও তেলজাতীয় পণ্য আমদানির বরে তা বাজারে ছাড়া হবে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়।"
মন্ত্রী বলেন, "বাংলাদেশের যে খাদ্য সংকট রয়েছে তা আশু নিরসন করা যাচ্ছে না। আরো ২/৩টি মৌসুম লাগবে। তবে বিভিন্নভাবে আমদানির মাধ্যমে এ খাদ্য সংকট নিরসনে সরকার ভূমিকা রাখবে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, " আটা ও চিনির দাম কমলেও কেন পরিপূরক খাদ্যের দাম কমছে না সে বিষয়ে শিগগির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে জানতে চাইব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
ইউএনডিপি প্রতিনিধির সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "ইউএনডিপি বাংলাদেশের খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে সহায়তা করে থাকে। কিন্তু গত ছয় মাসে তাদের সহায়তার পরিমাণ কমে গেছে। খাদ্য সহায়তা বাড়ানোর জন্য ইউএনডিপির প্রতিনিধিকে অনুরোধ করা হয়েছে। তিনি দাতাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।"
তিনি বলেন, "খাদ্য মন্ত্রণালয় থেকে উন্নয়ন প্রকল্পে সাংসদদের জন্য যে বরাদ্দ দেওয়া হতো তা আর সাংসদের কাছে ফিরিয়ে আনা হবে না। বর্তমানে যে নিয়ম চালু আছে সে নিয়ম অনুযায়ী বরাদ্দ জেলা পর্যায়ে চলে যাবে। সেখান থেকে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের কাজ করা হবে। সেখানে সাংসদদের হস্তক্ষেপ করার কিছুই থাকবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৩১৫ ঘ.
bdnews24